নিউজ ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুদেদের সোশ্যাল মিডিয়ায় আসক্তি। সন্তানকে স্মার্টফোনের স্ক্রিন থেকে দূরে রাখাটাই এখন অভিভাবকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার এই উদ্বেগ কাটাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল ফেসবুকের মূল সংস্থা মেটা।
জানা গিয়েছে, কিশোর-কিশোরীদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারে রাশ টানতে দৈনিক মাত্র দু’ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এমনকি, মধ্যরাত থেকে ভোর ছ’টা পর্যন্ত এই অ্যাপগুলি পুরোপুরি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ক্যালিফোর্নিয়ার আদালতে মেটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ ছিল, মেটা ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্মগুলিকে এমনভাবে সাজিয়েছে যা শিশু ও কিশোর-কিশোরীদের আসক্ত করে তুলছে। এর জেরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মানসিক স্বাস্থ্যে। সম্প্রতি এই মামলার প্রেক্ষিতেই মেটা একটি চুক্তিতে সম্মত হয়েছে, যেখানে তাদের ১৪ বিলিয়ন ডলার বা প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি, শিশুদের সুরক্ষায় প্ল্যাটফর্মে আমূল বদল আনারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশিকার জেরেই ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের জন্য দুটি অ্যাপ মিলিয়ে দিনে সর্বোচ্চ দু’ঘণ্টা ব্যবহারের ডিফল্ট সীমা নির্ধারণ করা হচ্ছে। অভিভাবকের অনুমতি ছাড়া এই বিধিনিষেধ কোনওভাবেই বাতিল বা পরিবর্তন করা যাবে না। রাত জাগার প্রবণতা রুখতে মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত অ্যাপে লগ ইন করার সুযোগই থাকবে না। পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য স্কুল চলাকালীন অর্থাৎ সকাল ৮টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত নোটিফিকেশন ডিফল্টভাবে মিউট থাকবে। যদিও এই সময়ে ডিরেক্ট মেসেজ বা জরুরি নিরাপত্তা সংক্রান্ত বার্তা ঢুকতে কোনও বাধা নেই।
অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বিরতি নেওয়ার জন্য কিশোর-কিশোরীদের নিয়মিত সতর্কবার্তাও পাঠাবে মেটা। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ‘পাবলিক লাইক কাউন্ট’ অর্থাৎ কতজন লাইক দিল তা লুকিয়ে রাখার পাশাপাশি নির্দিষ্ট কিছু ‘বিউটি ফিল্টার’ ব্যবহারে নিষেধাজ্ঞাও আসছে।
জোর দেওয়া হচ্ছে বয়স যাচাইয়ের উন্নত প্রযুক্তি এবং ক্ষতিকর কনটেন্ট ফিল্টারিংয়ের উপর। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে খবর, আগামী দিনে ইউটিউব, স্ন্যাপচ্যাট বা টিকটকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও যদি এই উদ্যোগে শামিল হয়, তবে দৈনিক ব্যবহারের সময়সীমা কমিয়ে এক ঘণ্টাও করা হতে পারে। কবে থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে, তা এখনও মেটার তরফে স্পষ্ট করা না হলেও, খুব শীঘ্রই তা বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।