কলকাতা, কেয়া মণ্ডল: আনন্দপুরের জমি কেলেঙ্কারিতে কলকাতার পুলিশ কমিশনারের নামে ভুয়ো ও বিভ্রান্তিকর খবর সম্প্রচারের অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের দাবি, একটি সামাজিক মাধ্যমের থাম্বনেইল এবং সংশ্লিষ্ট প্রতিবেদনের মাধ্যমে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার নামকে সরাসরি জমি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, এই উপস্থাপনা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভুয়ো।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আনন্দপুরের জমি সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত চলছে। সম্প্রতি ওই তদন্তে নতুন কিছু অগ্রগতির তথ্য কলকাতা পুলিশকে জানায় ইডি। সেই তথ্য পাওয়ার পর নিয়ম মেনেই পরবর্তী তদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গোটা তদন্তই কলকাতা পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এগোচ্ছে বলে পুলিশের দাবি।
কিন্তু তদন্তের এই প্রশাসনিক প্রক্রিয়াকেই অন্যভাবে তুলে ধরে কলকাতার পুলিশ কমিশনারকে জমি দুর্নীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। কলকাতা পুলিশের স্পষ্ট বক্তব্য, কমিশনারের তত্ত্বাবধানে তদন্ত এগোনো এবং কোনও কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জড়িত থাকা, এই দুই সম্পূর্ণ আলাদা বিষয়। অথচ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেই পার্থক্যই রাখা হয়নি।
পুলিশের তরফে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাই করা সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব। সেটা ছাড়াই এমন খবর প্রকাশ করা শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তি এবং একটি সরকারি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ঘটনায় কলকাতা পুলিশের তরফে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অবিলম্বে খবরটি সরিয়ে নিতে বলা হয়েছে। একইসঙ্গে, সঠিক খবর প্রকাশ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন ও ক্ষমাপ্রার্থনা না করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে কলকাতা পুলিশ।