কলকাতা, নিউজ ডেস্ক: গলে প্রথম টেস্টে ১৬৫ রানে জয়ের পর শেষ দিন পর্যন্ত দাপুটে লড়াই কলম্বোর দ্বিতীয় টেস্টে। তবে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হওয়ায় সিরিজ ১-০ ব্যবধানে জিতে শ্রীলঙ্কা সফর শেষ করেথে ভারত। সিরিজ জয়ের পরেই দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, টেস্ট ক্রিকেটে শুধু দক্ষতা নয়, প্রয়োজন ধৈর্য, মানসিক শক্তি এবং শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা। সেই সঙ্গে শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশার দুরন্ত পারফরম্যান্সের জন্য আলাদা করে প্রশংসাও করেছেন তিনি।
কলম্বো টেস্টে ভারত জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ হাসি হাসতে পারেনি। প্রথম ইনিংসে ৫০৩/৯ স্কোরে ইনিংস ঘোষণা করার পর ২৯০ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। এর পর শ্রীলঙ্কাকে ফলো-অন করায় শুভমান গিলের দল। তবে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় দ্বীপরাষ্ট্র। সেই প্রতিরোধের অন্যতম নায়ক দিনুশা। প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। ২৬৪ বলের সেই ইনিংসে ছিল আটটি চার এবং দু’টি ছক্কা। কার্যত তাঁর ব্যাটেই শেষ হয়ে যায় ভারতের জয়ের আশা।
দিনুশার এই কৃতিত্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে। ফলো-অন করার পর একই টেস্টের দুই ইনিংসেই শতরান করার নজির রয়েছে মাত্র তিন জনের। দিনুশার আগে ভারতের বিজয় হাজারে ১৯৪৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। চলতি সিরিজেও দিনুশার ব্যাট ছিল দুর্দান্ত ছন্দে। চার ইনিংসে তাঁর সংগ্রহ ৪২০ রান। প্রথম টেস্টে করেছিলেন ১০০ ও ৮৪ রান।
শুক্রবার সমাজ মাধ্যমে গুরু গম্ভীর লেখেন, টেস্ট ক্রিকেটে চরিত্র, ধৈর্য এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন। যা তাঁর দলের ক্রিকেটারেরা দেখিয়েছেন। একই সঙ্গে দিনুশার জন্য ছিল বিশেষ প্রশংসাও। ভারতের সিরিজ জয় নিশ্চিত হলেও কলম্বোর শেষ দিনের লড়াই দেখিয়ে দিল, টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষকে কখনও হালকা ভাবে নেওয়া যায় না। গম্ভীরের বার্তাতেও তাই উঠে এল লড়াই চালিয়ে যাওয়ার গুরুত্ব। ১-০ ব্যবধানে সিরিজ জিতে ভারত ফিরলেও শ্রীলঙ্কার দিনুশার ইনিংস নিঃসন্দেহে এই সিরিজের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে রইল।