নিউজ ডেস্ক: সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য কুরুচিকর মন্তব্য করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে হুগলির ব্যান্ডেলের এক প্রৌঢ়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ধৃতের নাম কার্তিক বণিক। এলাকায় তিনি বাবু নামে পরিচিত। বাড়ি ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনিতে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতিবেশীদের দাবি, পাড়ার প্রায়ই মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করতেন। কিন্তু সম্প্রতি তিনি সরাসরি ফেসবুক লাইভ করে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরই গ্রেফতারির ঘটনা ঘটে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে পুলিশ। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের বিষয়টি খতিয়ে দেখেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ধৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাজকর্ম নিয়ে মানুষের সমর্থন রয়েছে। তা সত্ত্বেও একাংশের মানুষ তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের ঘটনায় পুলিশ ও প্রশাসনের কড়া পদক্ষেপ করা উচিত বলেও দাবি করেন বিজেপি নেতা। অন্যদিকে, ধৃতেক রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় কয়েক জনের দাবি, তিনি তৃণমূলকে সমর্থন করতেন। তবে তিনি কখনও সক্রিয়ভাবে ওই দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। ধৃত নিজে অবশ্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ থাকার কথা অস্বীকার করেছেন। গ্রেফতারির পর ধৃতের দাবি, মদ্যপ অবস্থায় ওই মন্তব্য করে ফেলেছিলেন। নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি।




