নিউজ ডেস্ক: ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে বলে জানালেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর। বৃহস্পতিবার রাজস্থানের আলওয়ারে আইটিবিপির বার্ষিক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সাম্প্রতিক সময়ে অরুণাচল সীমান্তের বিভিন্ন জায়গায় দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে এবং সেই অবস্থান এখনও অব্যাহত রয়েছে। এখনও সেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের পাশাপাশি বাহিনীর নবগঠিত ‘শৌর্য কম্যান্ডো’ দলের ভূমিকাও প্রশংসা করেন তিনি। সংঘাতের পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর নবগঠিত শৌর্য কমান্ডোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি। তাঁদের কাজের প্রশংসা করে শত্রুজিৎ কাপুর বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে এই কমান্ডোদের পারদর্শিতা বিশেষভাবে নজর কেড়েছে। তবে অরুণাচলের ঠিক কোন কোন এলাকায় সংঘাতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বক্তব্যে স্পষ্ট হয়নি।
১৯৬২ সালে গঠিত আইটিবিপি প্রধানত ৩,৪৪৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে। ডিরেক্টর জেনারেল স্বীকার করেছেন যে চিন সীমান্তই বাহিনীর জন্য সবচেয়ে কঠিন ফ্রন্ট। এই পরিস্থিতি সামাল দিতে বিশেষ কমব্যাট ট্রেনিং প্রোগ্রাম চালু, প্রতিটি সীমান্ত ইউনিটে ড্রোন প্ল্যাটুন গঠন এবং আন্ডারগ্রাউন্ড পরিকাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে। ২০০৪ সাল থেকে চিনের সীমান্তে মোতায়েন রয়েছে।
গত জুলাই মাস থেকেই অরুণাচলে ভারত-চিন সংঘাত চলছে বলে খবর। এই পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে ভারতীয় বাহিনীর মোতায়েনও বাড়ানো হয়েছে। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের সাক্ষাতের পরও আইটিবিপি ডিজির এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আইটিবিপি প্রধানের এই বক্তব্যের পরই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস। আইটিবিপি প্রধানের এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে দাবি করেন, 'জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের মানুষের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, শুধু শক্তিশালী নেতৃত্বের দাবি করলেই হবে না, সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারকে জবাব দিতে হবে।'




