কলকাতা, নিউজ ডেস্ক: কিছুদিন আগেই হকি বিশ্বকাপের ম্যাচে করমর্দনের মাধ্যমে সৌজন্য বিনিময় করেছিলেন ভারত এবং পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথটা ক্রিকেটের ২২ গজে ফিরতেই দেখা গেল হালফিলের চেনা ছবিটাই। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকেই ক্রিকেট ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন না ভারতীয় ক্রিকেটাররা।
শনিবাসরীয় দুবাইয়ে মহিলা এশিয়া কাপের ম্যাচেও ফাতিমা সানার দলের সঙ্গে হাত মেলালেন না ভারতের মেয়েরা। এ দিকে আবার সেই উত্তেজনার আবহেই এক বিরল নজির গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়িকা হরমনপ্রীত কৌর।
গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই খেলায় ভারতের কাছে হার-জিতের অঙ্কটা অবশ্য তুলনামূলকভাবে হালকা। থাইল্যান্ড এবং হংকংকে দাপটের সঙ্গে হারিয়ে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে হরমনপ্রীত কৌরের দল।
তবে পাকিস্তানের কাছে শনিবারের সন্ধ্যায় কার্যত ডু অর ডাই পরিস্থিতি। থাইল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ফলে শেষ চারে পৌঁছতে হলে এ দিনের ম্যাচ কোন ভাবেই হারা যাবে না। অবশ্য বৃষ্টির কারণে ম্যাচ যদি ভেস্তে যায়, সেক্ষেত্রেও সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুলে যাবে পাকিস্তানের সামনে।
এই পরিস্থিতিতে মাঠে বল গড়ানোর আগেই নয়া রেকর্ড গড়লেন হরমনপ্রীত। এই ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে তাঁর ১৫০তম ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই পুরুষ এবং মহিলা, দুই বিভাগ মিলিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০টি ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম ক্রিকেটার হলেন হরমনপ্রীত।
ফলে নেত্রী হিসেবে তাঁর মুকুটে যোগ হল আরও একটি পালক। এ দিকে তিনি যখন টস করতে যাচ্ছেন তখন চোখে পড়ল না দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাত মেলানোর দৃশ্য। হকিতে যাই হোক না কেন, ক্রিকেটের ময়দানে এই ছবিটাই বর্তমান পরিচিত। এ দিনও তার ব্যতিক্রম হল না।
তবে শুধু নেত্রী হরমনপ্রীত নন। একটি বড় রেকর্ডের দোরগোড়ায় ভারতের আরেক ক্রিকেটারও। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালকিন হতে স্মৃতি মান্ধানার প্রয়োজন আর মাত্র ৭৮ রান। বর্তমানে যে রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের সুজি বেটসের (৪,৭৫৮ রান) দখলে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে পারলেই নতুন ইতিহাস গড়বেন মন্ধানা।
উল্লেখ্য, হংকংয়ের বিরুদ্ধে আগের ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছিল দুরন্ত ১২৪ রান। সেই ইনিংস তাঁকে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে তুলে দিয়েছে। এ বার টি-টোয়েন্টিতেও নতুন নজিরের হাতছানি। ফলে ভারত-পাক দ্বৈরথের পাশাপাশি মান্ধানার ব্যাটের দিকেও থাকবে বাড়তি নজর। যদি তিনি ৭৮ রানের লক্ষ্য পেরিয়ে যান, তবে আরও এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে দুবাইয়ের রাত।