স্পোর্টস ডেস্ক: এশিয়ান প্যারা গেমসে একের পর এক ইতিহাস গড়ে চলেছে ভারত। বৃহস্পতিবারই রেকর্ড ২৬টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে ভারত। শুক্রবার ভারতের মোট পদক সংখ্যা ১০০ পেরোল। এর অন্যতম কারিগর অবশ্যই ৪০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়া সন্দীপ সিং মান এবং জ্যাভলিন থ্রো-এ বিশ্বরেকর্ড গড়ে সোনাজয়ী হ্যানে।
জাপানের নাগোয়া শহরে এশিয়ান প্যারা গেমসে শুক্রবার সকালে ভারতের প্রথম সোনাটি আসে প্যারা ব্যাডমিন্টন থেকে। সিঙ্গলস এসএল ৩ বিভাগে সোনা জেতেন ভারতের নীতেশ কুমার। ওই একই বিভাগে রুপো পান প্রমোদ ভগত। দ্বিতীয় সোনাটিও আসে ব্যাডমিন্টন থেকেই। পুরুষদের সিঙ্গলসের এসএল ৪ বিভাগে সোনা জেতেন নবীন শিবকুমার। তৃতীয় সোনা আসে ট্র্যাক এন্ড ফিল্ড থেকে। ৪০০ মিটার দৌড়ের টি৬৪ বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন সন্দীপ সিং মান। মাত্র ৫২.২৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ওই ইভন্টেই ব্রোঞ্জ জেতেন আরও এক ভারতীয় অজয় কুমার। দিনের চতুর্থ সোনা আসে জ্যাভলিন থ্রো থেকে। পুরুষদের এফ৩৭/৩৮ বিভাগে সোনা জেতেন হ্যানে। নিজের শেষ ও সেরা থ্রো ৬০.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জয় নিশ্চিত করেন তিনি। অন্য ইভেন্ট থেকেও একাধিক পদক আসে এদিন এবং এরই মধ্যে ভারত পদকের সেঞ্চুরি পার করে ফেলে।
এর আগে বৃহস্পতিবারও ৭টি সোনা-সহ ২৬টি পদক জেতে ভারত, যা একদিনের নিরিখে ভারতের সবথেকে বেশি পদক জয় প্যারা এশিয়াডে। পদক তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানেই রয়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে ১০৩টি পদক, যার মধ্যে রয়েছে ২৭টি সোনা, ৩৩টি রুপো এবং ৪৩টি ব্রোঞ্জ। ৩৫৫টি পদক নিয়ে এশিয়ান প্যারা গেমসের পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান (১৫৫) ও উজবেকিস্তান (১২৭)। ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ কোরিয়া (৮৪) এবং ইরান (৯২)।




