কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা, নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ স্লোগান নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে মাদক সেবন ও কারবারের অভিযোগ নিয়ে কড়া বার্তা দেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে গাঁজা বা কোকেন সেবন করছে, তা নজরে রাখতে ড্রোন ব্যবহার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুক্রবার যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ অনুষ্ঠানে এসে বামপন্থী ছাত্র সংগঠনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় তিনি বলেন, কীসের আজাদি চান? গাঁজা খাওয়ার আজাদি? ড্রাগ নেওয়ার আজাদি? টুকরে টুকরে গ্যাং…।'
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য,‘ক্যাম্পাসে মাদক সংক্রান্ত কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হবে। কোথায় গাঁজা, ড্রাগ, হেরোইন খাওয়া হচ্ছে, কোথায় পাতা পুড়িয়ে টানা হচ্ছে, সেইসব দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, ক্যাম্পাসে দেশবিরোধী কোনও ধরনের স্লোগান বা বার্তা বরদাস্ত করা হবে না। ‘বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ 'কাশ্মীর মাঙ্গে আজাদি' এর মতো স্লোগান দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, এই ধরনের স্লোগান উঠলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’
এরপরই ক্যাম্পাসের কয়েকটি জায়গায় থাকা বিতর্কিত লেখাগুলি মুছে ফেলার কাজ শুরু হয়। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় থাকা ‘দেশবিরোধী’বলে অভিযোগ ওঠা দেওয়াল লিখন ও গ্রাফিটির উপর সাদা রং করে দেওয়া হয়েছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।




