নিউজ ডেস্ক: হাসি-মজা, প্রাণখোলা আড্ডা আর নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে নেটদুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন ঝিলম গুপ্ত। ‘ডিজে মাউস’ নামেও পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে সম্প্রতি দেখা গিয়েছিল বেশ কয়েকমাস ধরে ‘বিগ বস বাংলা’র ঘরে। নানা ধরনের তর্ক - বিতর্কের মধ্যেও টিকে থাকার লড়াইয়ে ঠায় দাঁড়িয়ে থেকেছেন ঝিলাম গুপ্তা ।কিন্তু আচমকাই রিয়্যালিটি শো থেকে তাঁর বেরিয়ে আসার ঘটনায় প্রশ্ন উঠেছিল অনুরাগীদের মনে, কোথাও গিয়ে হয়তো মেনে নিতে পারেননি তার বেড়িয়ে যাওয়াকে । কেন মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে আসতে হল তাঁকে? এবার নিজের শারীরিক অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে মুখ খুলে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ঝিলম। জানালেন, দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন তিনি। এমনকী উৎসবের মরশুমেও সেই যন্ত্রণা থেকে রেহাই পাননি।
পুজোর আগে ‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন ঝিলম। নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং মজার কথাবার্তার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। ফলে প্রতিযোগিতার মাঝপথে তাঁর শো ছেড়ে বেরিয়ে আসার খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল অনুরাগীদের। পরে জানা যায়, গুরুতর শারীরিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। তবে 'বিগ বস বাংলা 'র ' ঘরে তার কিছু রিপোর্ট আসে আর সেই রিপোর্টের ভিত্তিতেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাঁকে।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঝিলমের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। সেই পাথরের আকার বড় হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলেও জানা যায়।তবে পুজোর সময় ঝিলমকে বাইরে ঘুরতে এবং উৎসবের মুহূর্ত ভাগ করে নিতে দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
কিন্তু বাস্তবটা যে একেবারেই আলাদা, তা নিজেই স্পষ্ট করেছেন এই ইনফ্লুয়েন্সার। সমাজমাধ্যমে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে ঝিলম জানান, বাইরে থেকে তাঁকে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। পুজোর আনন্দে সামিল হওয়ার চেষ্টা করলেও শারীরিক কষ্টের কারণে সেভাবে উৎসব উপভোগ করতে পারেননি তিনি। পুজোর খাওয়া দাওয়া থেকেও নিজেকে শতহস্ত দূরে রেখেছিলেন ঝিলাম।তাই শুধু ব্যথাই নয়, অসুস্থতার প্রভাব পড়েছে তাঁর খাওয়াদাওয়ার উপরেও। ঠিকমতো খাবার খেতে না পারায় ওজনও অনেকটা কমে গিয়েছে বলে জানিয়েছেন ঝিলম। যন্ত্রণা সামলাতে তাঁকে ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হয়েছে। ফলে পুজোর দিনগুলিতে বাইরে ঘুরতে দেখা গেলেও তাঁর শারীরিক পরিস্থিতি যে মোটেও ভালো ছিল না, তা এবার সামনে এসেছে। অনুরাগীদের উদ্দেশে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, হাসিমুখে ছবি তোলা কিংবা সমাজমাধ্যমে সক্রিয় থাকা মানেই যে একজন মানুষ সম্পূর্ণ সুস্থ, এমনটা কিন্তু একেবারেই নয়।
ঝিলমের অস্ত্রোপচার নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। তাঁর বক্তব্য অনুযায়ী, পুজোর সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অস্ত্রোপচারের প্রক্রিয়া পিছিয়ে যায়। তবে এবার আগামী সপ্তাহেই অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে। আপাতত সেই চিকিৎসার দিকেই নজর দিতে চান তিনি। শারীরিক অসুস্থতার কারণে কাজকর্ম এবং স্বাভাবিক জীবনযাত্রায় যে বাধা তৈরি হয়েছে, তা কাটিয়ে আবার নিজের পুরনো ছন্দে ফিরতে চান ঝিলম। অন্যদিকে, অসুস্থতার মধ্যেও কাজের ক্ষেত্রে একেবারে থেমে থাকেননি তিনি। ‘বিগ বস বাংলা’র ঘরেই একটা গান লিখে নিজের গলায় গেয়েছিলেন তিনি আর শো থেকে বেরিয়ে আসার পর প্রতিযোগীদের উদ্দেশে সেই গান রেকর্ড করেছিলেন ঝিলম। সেই গানও অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, গানটি দেশের জনপ্রিয় গানের তালিকায় ৬২ নম্বর স্থান পর্যন্ত পৌঁছেছিল। পাশাপাশি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও এক লক্ষ গ্রাহকের গণ্ডি পেরিয়েছে। ফলে একদিকে যখন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে হচ্ছে, অন্যদিকে তখন কাজের জগতে মিলছে সাফল্যের স্বাদ। আর সেই স্বাদ পেয়েই ঝিলাম গুপ্তা ভীষণ আপ্লুত।
ঝিলমের এই পরিস্থিতিতে অনুরাগীদের একাংশ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। যাঁকে এতদিন হাসিখুশি মেজাজে দর্শক দেখেছেন, সেই মানুষটিকেই এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে অসুস্থতার কথা প্রকাশ্যে এনে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। আপাতত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থ হয়ে ওঠাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশ কদিনের মধ্যেই 'ডিজে মাউস' হিসাবে বেশ সাড়া ফেলেছেন ঝিলাম গুপ্তা। কাজের সাফল্য, অনুরাগীদের ভালোবাসা এবং সুস্থ জীবনে ফেরার আশা—এই তিনকে সঙ্গী করেই এখন এগোতে চান ঝিলম গুপ্ত। আগামী সপ্তাহে অস্ত্রোপচারের পর কেমন থাকেন তিনি, সেদিকেই নজর থাকবে অনুরাগীদের। তাঁদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবার নিজের পরিচিত হাসিমুখে পর্দায় এবং সমাজমাধ্যমে ফিরে আসবেন ‘ডিজে মাউস’ ঝিলম।




