বিয়ের আসর নাকি ভুল ভুলাইয়া? কেরলে এক বিয়ের আসরে আজব ঘটনা। যেদিকেই তাকানো হয় একজোড়া করে জমজ। পাত্র জমজ, পাত্রীও জমজ, এমনকি পাদ্রিও জমজ। বিয়ের আসরে যেন ভ্রান্তিবিলাস। যমজ পাত্র-পাত্রীর চার হাত এক করলেন যমজ পাদ্রি।
শেকসপিয়ারের কমেডি অফ এররস কিংবা বিদ্যাসাগর মশাইয়ের ভ্রান্তিবিলাসের কথা মনে আছে? সেখানে অবশ্য শুধু জোড়া নায়ক আর তাদের সহকারীরাই ছিলেন যমজ ভাই। কিন্তু কেরলের এক বিয়ের আসরে যা ঘটল, তা যেন সাহিত্যের সেই গল্পকেও হার মানায়। বিয়ের মণ্ডপে এমন কাউকে খুঁজে পাওয়াই মুশকিল যিনি যমজ নন।
বিয়ের আসরে বরের বেশে পাশাপাশি দাঁড়িয়ে অখিল এবং নিখিল। তারা দুজনেই যমজ এবং তাদের পোশাকও এক। কে কোন জন তা বোঝার কোনও উপায় নেই। অন্য দিকে, তাদের দুই হবু স্ত্রী ম্যাগ ও মারিয়াও যমজ বোন। তাদের পরনেও একই রকম সাদা গাউন, একই রকমের সাজ এবং অবিকল এক অলঙ্কার। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। চার্চের ভিতরে দাঁড়িয়ে চারজনের আট হাত যারা মিলিয়ে দিলেন সেই দুই পাদ্রিও যমজ। ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল নামের এই দুই যমজ পাদ্রিই সম্পন্ন করলেন গোটা বিয়ের অনুষ্ঠান।
অখিল যখন ম্যাগির আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন, ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে নিখিলের হাত থেকে আংটি পরলেন ম্যাগির যমজ বোন মারিয়া। জমজে জমজে হল বিয়ে। আর এমন এক অদ্ভুত বিয়ের সাক্ষী রইল গোটা দেশ। নবদম্পতিকে আশীর্বাদ করলেন চার্চের সেই দুই যমজ পাদ্রি। শুধু তাই নয়, বিয়ের এই শুভ কাজে তাদের সাহায্য করতে যে দুজন হাজির ছিলেন, সেই জেরন জেমস ও জোহন জেমসও সম্পর্কে যমজ।
এমন অদ্ভুত বিয়ের নেপথ্যে রয়েছে এক অবাক করা স্বপ্ন। ম্যাগি আর মারিয়ার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, বিয়ে করলে যমজ পাত্রকেই করবেন। তবে শর্ত শুধু এটুকুই ছিল না। তাদের প্রবল ইচ্ছা ছিল বিয়ের প্রতিটি ধাপে যারা যুক্ত থাকবেন, তাদের সবাইকেই যমজ হতে হবে। নিজেদের এই অদ্ভুত স্বপ্ন পূরণের জন্য তারা নিজেরাই যমজ পাদ্রির খোঁজ শুরু করেন। অবশেষে কোট্টানাল্লুরের একটি চার্চের মাধ্যমে তাদের সন্ধান মেলে। উচ্ছ্বসিত দুই বোনের কথায়, এটা শুধু একটা বিয়ে নয়। আমাদের ছোটবেলার স্বপ্নপূরণ। ঈশ্বরই আমাদের এই ইচ্ছা পূরণ করেছেন।
আরও মজার বিষয় হল, এই যমজ দুই বোন এবং যমজ দুই ভাই একই ক্ষেত্রে কর্মরত। তারা নেভি ও আইটি সেক্টরে চাকরি করেন। সব মিলিয়ে কেরলের এই বিয়ের আসরের দিকে তাকালে যে কারও মনে হতেই পারে, গোটা দৃশ্যটি যেন কোনও এক বিশাল আয়নায় প্রতিফলিত হচ্ছে। তবে চমকে যাওয়ার কিছু নেই এমন এক অদ্ভুত বিয়ের সাক্ষী রইল গোটা দেশের মানুষ।