বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয় লক্ষ্মীপুজোর তোড়জোড়। তবে এবছরের কোজাগরী লক্ষ্মীপুজো নিয়ে অনেকের মনেই প্রশ্ন, পুজো ২৫ অক্টোবর হবে, নাকি ২৬ অক্টোবর? জেনে নিন চলতি বছর ঠিক কোন তারিখে এবং কোন সময়ে পড়েছে এই কোজাগরী পূর্ণিমা।
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের এই পবিত্র কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই কার্তিক অর্থাৎ ২৫ অক্টোবর, রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে বেলা ১১টা ৫৮ মিনিটে এবং তিথি শেষ সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৫ অক্টোবর রবিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৭ কার্তিক, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হবে সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ড। কোজাগরী লক্ষ্মীপুজো যেহেতু রাতে হয়, তাই ২৫ অক্টোবর রাতেই লক্ষ্মীপুজো করতে হবে।
কোজাগরী কথার অর্থ হল 'কে জাগে রে'। প্রচলিত বিশ্বাস, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে। তারপর গৃহস্থ বাড়ি বাড়ি ঘুরে দেখতে যান কে তাঁর জন্য রাত জেগে প্রতীক্ষা করছে। সেই কারণে কোজাগরী লক্ষ্মী পুজো মূলত রাতেই হয়।




