কলকাতা, নিউজ: নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই একরাশ আবেগ, আনন্দ আর চেনা উন্মাদনা। পুজোর রঙে রঙিন হতে শুরু করেছে শহর কলকাতা। ঢাকের বাদ্যি, কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে দেবী বন্দনার অপেক্ষায় দিন গুনছেন সকলে। এই খুশির আবহে বিশেষ ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। পঞ্চমীর বিকেল থেকেই শহরের রাস্তায় নামছে ‘বন্ধু কলকাতা’র দশটি বিশেষ গাড়ি। পুজোর অতিরিক্ত ভিড়ে হারিয়ে যাওয়া শিশু ও প্রবীণদের খুঁজে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ।
বৃহস্পতিবার লালবাজারে এই গাড়িগুলির উদ্বোধন করবেন পুলিশ আধিকারিকরা। বিকেল ৪টে থেকে কলকাতা পুলিশের দশটি ডিভিশনেই চলবে এই বিশেষ পরিষেবা। জানা গিয়েছে, প্রতিটি গাড়িতে থাকবেন একজন সাব-ইনস্পেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, একজন কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি। শিশুদের ভয় কাটাতে গাড়ির ভিতর বেলুন রাখা হবে। পাশাপাশি থাকবে চিপস ও চকোলেট। নিখোঁজ শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। সেখানে শিশুদের জন্য নির্দিষ্ট নিরাপদ ঘরে রাখার পাশাপাশি প্রবীণদেরও প্রয়োজনীয় যত্ন নেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, কোনও পুজো মণ্ডপে কেউ নিখোঁজ হলে অভিভাবকরা বিষয়টি জানাতে পারবেন। সেই তথ্য সংশ্লিষ্ট থানার মাধ্যমে শহরের অন্য থানাগুলিতেও পৌঁছে দেওয়া হবে, যাতে দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়। শুধু মণ্ডপ নয়, রাতভর শহরের রাস্তায় নজরদারি চালাবে ‘বন্ধু কলকাতা’র গাড়িগুলি। পুজোর ভিড়ে প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।




