কলকাতা, নিউস্ক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের দলত্যাগী নেতাদের নিয়ে ফের সরব হলেন কুণাল ঘোষ। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নাম না করে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে তীব্র আক্রমণ করেন তিনি।
বিজেপিকে নিশানা করে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন,'মমতাদিকে আটকাবে কারা যেন বলেছিল। ক্ষমতা থাকলে আটকে দেখান।' পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে নিশানা করে বলেন, 'তোরা কেন আজকে এই কর্মসূচি করছিস? আমার বাড়ির সামনে রামমোহন হলটাই নিয়ে নিতিস। ওই শিবির বালিশ চাটা,মানুষের রক্ত নেই। ওঁরা আসলে গদ্দার, তাঁদের বাংলায় কোনও জায়গা নেই।
তিনি আরও বলেন, ‘দলের সঙ্গে যারা বেইমানি করছেন, এদের কেউ পরে আর ঢুকতে দেওয়া হবে না। কয়েকজন চোর জোচ্চর ইচ্ছে করে বালিশ শিবিরে গিয়েছেন, নিজেদের সম্পত্তি আড়াল করতে গিয়েছে। আর কয়েকজনকে পুলিশ দিয়ে চাপ দিয়ে নিয়ে গিয়েছে।’ কুণালের সাফ বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেটাই আসল তৃণমূল। এই লড়াই বৃথা যাবে, ধৈর্য রাখুন।'
আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ প্রতিবছর কলকাতার মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ৷ কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন৷ কারণ, রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে।
এই রাজনৈতিক টানাপোড়েনের জেরে এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি পালন নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। সেবারও আদালতের হস্তক্ষেপে ঋতব্রত শিবির মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং মমতার শিবির ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি পায়। এবার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।