নিউজ ডেস্ক : একটি মর্মান্তিক দুর্ঘটনার পর শুরু হয়েছে দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা করা এবং প্রশাসনিক পদক্ষেপ সব কিছুর মধ্যেই প্রকৃত বিচার কতটা হচ্ছে, তা নিয়ে উঠছে বিতর্ক। ঘটনার তদন্ত কোন পথে এগোচ্ছে, আর কাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, সেই প্রশ্নকেই কেন্দ্র করে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।
চোরবাগান দুর্গাপূজার সময় ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। কুনাল ঘোষের বক্তব্য, মৃতদের পরিবারের বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া কিংবা চাকরির আশ্বাস দিয়ে ছবি তোলা প্রশাসনের একমাত্র কাজ হতে পারে না। তাঁর দাবি, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় সরকারের প্রধান দায়িত্ব। ফটোশুটের রাজনীতি বন্ধ করে রাজধর্ম পালনের কথাও বলেন তিনি।
কুনাল ঘোষ অতীতের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনও দুর্ঘটনার পর ক্ষতিপূরণ দেওয়া হলে বিরোধীরা প্রশ্ন তুলতেন আর্থিক সাহায্য দিয়ে কি মানুষের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে? তাঁর মতে এই একই যুক্তি বর্তমান পরিস্থিতিতেও প্রযোজ্য। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে আর্থিক সাহায্য দেওয়া জরুরী হলেও তার মাধ্যমে বিচারপ্রক্রিয়ার বিকল্প তৈরি করা যায় না বলেই মত তাঁর।
এই ঘটনায় গ্রেফতারির ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র। তাঁর অভিযোগ, চোরবাগান পূজা কমিটির সঙ্গে বিজেপির প্রভাবশালী নেতাদের যোগসূত্র থাকায় তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিবর্তে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের মত নিচু তলার কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। কুনালের বক্তব্য, নীতিনির্ধারণ ক্ষমতা যাদের হাতে ছিল না তাঁদের গ্রেফতার করে দায় শেষ করা যায় না।
পাশাপাশি দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা নাম ঠিকানা-সহ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুনাল ঘোষ। এমনকি যে কর্তৃপক্ষ বা ব্যক্তিরা ওই পুজো কমিটিকে পুরস্কৃত করেছিলেন তাঁদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন তিনি।
সব মিলিয়ে চোরবাগান দুর্ঘটনাকে ঘিরে ক্ষতিপূরণের পাশাপাশি জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন সামনে আনলেন কুনাল ঘোষ। তাঁর দাবি, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ন্যায় বিচার পাবে না।




