নিউজ ডেস্ক: আজ বাংলার ঘরে ঘরে পালন হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। প্রতি বছরের মতো এবারও ঘরের লক্ষ্মীকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। একাই সমস্ত আয়োজন থেকে শুরু করে মা লক্ষ্মীকে সাজানো সব কিছু নিজের হাতে করেছেন তিনি। এই লক্ষ্মীপুজো প্রায় ১৫০ বছরের পুরনো।
পুজোর চরম ব্যস্ততার মাঝে জাজবাত ২৪ বাংলা ক্যামেরার মুখোমুখি হয়ে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় বলেন, 'মায়ের পুজো মন দিয়ে দেখতাম। তার থেকেই শেখা। এ বছর আমার লক্ষ্মীপুজোর ২৬ বছর। প্রত্যেক বছরের মতো এবার বাজার করে ধাপে ধাপে সমস্ত কাজ করেছি। প্রথা মেনেই লুচি, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, বড়ি ভাজা, আলুর দম, জলপাইয়ের চাটনি আর শেষ পাতে থাকে মিষ্টি। আত্মীয়-পরিজনের পাশাপাশি পরিচালক, প্রযোজক, তারকা বন্ধুরা সকলে আসেন পুজো দেখতে।'
মায়ের দেবী প্রতিমা রুপো দিয়ে গড়া। ফলে, আলাদা করে এই দিন রুপো কিনতে হয়। নিজের হাতে সব গোছানো, ভোগের আয়োজন করি। তার পর দেবীকে সাজানো, আলপনা দেওয়া শুরু হয়। মা চলে যাওয়ার পর থেকে মায়ের ছবিও লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করেছেন অভিনেত্রী। তাঁর মুখে শোনা যায়, আমাদের মা রত্না চট্টোপাধ্যায় সত্যিই জীবন্ত লক্ষ্মী ছিলেন। কী ভাবে তিনি আমাদের বড় করে তুলেছেন, গোটা সংসার আগলেছেন, অভাবের আঁচ আমাদের গায়ে লাগতে দেননি —দেখেছি। তাই আমার চোখে উনি জীবন্ত দেবী।




