কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত লিওনেল মেসি। ম্যাচ শেষ, কিন্তু মাঠে উত্তেজনা তখনও তুঙ্গে। এই পরিস্থিতিতে প্রতিপক্ষের মিডফিল্ডার কুইন সুলিভানের মাথায় ও ঘাড়ের পেছনে চড় মারার অভিযোগ জরিমানার মুখে পড়েছেন এল এম টেন। গত বুধবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামি ২-২ ড্র করার পর ঘটেছে এই ঘটনা। প্রতিযোগিতার আয়োজকদের তরফে জানানো হয়েছে, জরিমানা করা হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। যদিও তাঁর বিরুদ্ধে কোনও ম্যাচে নির্বাসনের শাস্তি দেওয়া হয়নি। একই ম্যাচে ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেও সুলিভানের সঙ্গে আলাদা ঘটনায় জরিমানার মুখে পড়েছেন।
ঘটনাটি ঘটে ম্যাচের একেবারে শেষ লগ্নে। মাঝমাঠের কাছে সুলিভানের সঙ্গে কথাকাটাকাটির পর মেসিকে তাঁর ঘাড়ের পিছনে চড় মারতে দেখা যায় একটি ভিডিও ফুটেজে। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ালেও ম্যাচ চলাকালীন কোনও ফুটবলারকেই কার্ড দেখাননি রেফারি। পরে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে মেজর লিগ সকারের কর্তৃপক্ষ মেসির বিরুদ্ধে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে সংস্পর্শ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই একই নিয়মে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও নিউ ইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে মেসিকে জরিমানা করা হয়েছিল।
তবে ম্যাচের শেষ মুহূর্তের গোলমাল শুধু মেসির ঘটনাতেই থামেনি। সুলিভান বল নিয়ে বক্সে ঢোকার সময় ফ্রের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে মায়ামির ডিফেন্ডার তাঁকে ঘাড়ের কাছে ধরে ফেলেন। সেই ঘটনায় জরিমানা করা হয়েছে ফ্রেকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অফ-দ্য-বল সংঘর্ষের জেরে মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কুইনের ছোট ভাই কেভান সুলিভান লাল কার্ড দেখেন।
পরে অবশ্য কেভানের লাল কার্ড প্রত্যাহার করা হয়। ফিলাডেলফিয়া আপিল করার পর লিগের স্বাধীন বিচার প্যানেল সর্বসম্মতভাবে তাঁর লাল কার্ড এবং এক ম্যাচের নির্বাসন তুলে নেয়। সব মিলিয়ে একই ম্যাচের শাস্তির ছবিটিও বেশ অদ্ভুত। মেসি মাঠে কার্ড না দেখেও পরে জরিমানার শিকার। অন্যদিকে লাল কার্ড দেখা কেভান পরে সম্পূর্ণ ছাড়। সব মিলিয়ে উত্তপ্ত ম্যাচের শেষ মুহূর্তের সেই নাটক এখন ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনায়। মেসির জন্য রাতটি অবশ্য আবেগঘনও ছিল। বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আকাশের দিকে তাকিয়ে উদ্যাপন করেছিলেন ৩৯ বছরের তারকা।