কলকাতা বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: মাঠের মধ্যে দু’জনের দ্বৈরথ ফুটবলবিশ্বের বহু পুরনো গল্প। এ বার নিলামের মঞ্চেও যেন সেই ছবি! লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি মুখোমুখি হয়েছিল নিলামে। ফলাফল? আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনার জার্সি বিক্রি হল ৬৬,১০৭ ডলারে। বিপরীতে সিআর সেভেনের রিয়াল মাদ্রিদের জার্সির দাম উঠল মাত্র ১০,৬০১ ডলার। অর্থাৎ রোনাল্ডোর জার্সির প্রায় ছ’গুণ দামে বিক্রি হল মেসির জার্সি।
মেসির সেই জার্সির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ এক স্মৃতি। ২০১২ সালের অগাস্টে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলোনার একটি প্রাক্-মরশুম প্রীতি ম্যাচে জার্সিটি পরেছিলেন মেসি। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। পরে সেই জার্সিতে সই করে দিয়েছিলেন এল এম টেন। জার্সিটি পেয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তৎকালীন মাসাজ থেরাপিস্ট রড থর্নলি। তাঁর সংগ্রহেই এত দিন ছিল ফুটবল-স্মৃতির এই অমূল্য নিদর্শন।
মেসির জার্সিটি পাওয়ার পিছনের গল্পও কম আকর্ষণীয় নয়। ম্যাচের কয়েক দিন আগে বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার জেরার্ড পিকেকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলেন থর্নলি। তাঁর একটাই আবদার। মেসির জার্সি চাই। ম্যাচ শেষ হওয়ার পর পিকে তাঁকে নিয়ে যান বার্সেলোনার ড্রেসিংরুমে। সেখানেই মেসির সঙ্গে দেখা হয় থর্নলির। মেসি নিজের গা থেকে জার্সি খুলে তাঁকে দেন, তাতে সইও করেন। এমনকি হাতও মেলান। পরে সেই স্মৃতি মনে করে থর্নলি জানান, ঘটনাটি তাঁর কাছে ছিল অবিশ্বাস্য।
অন্য দিকে, রোনাল্ডোর জার্সিটিও ছিল তাঁর ম্যানচেস্টার ইউনাইটেড-পর্বের সঙ্গে যুক্ত স্মৃতির অংশ। সেটি ২০১৪-১৫ মরশুমে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু রোনাল্ডো সেটি মাঠে পরেননি। যদিও জার্সিটিতে থর্নলির উদ্দেশে ব্যক্তিগত বার্তা ছিল, কারণ ইউনাইটেডে থাকার সময় তাঁর সঙ্গে কাজ করেছিলেন রোনাল্ডো। দু’টি জার্সিই ছিল থর্নলির সংগ্রহের অংশ। কিন্তু নিলামে স্পষ্ট ব্যবধান। মেসির স্মারক জার্সির দাম রোনাল্ডোর তুলনায় প্রায় ছ’গুণ!