কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টে মৃত ১৭ জন। ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘কলকাতায় পদপিষ্টের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।’
ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতের এক পোস্টে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতর। পাশাপাশি আহতদের প্রত্যেকের পরিবার দেওয়া হবে ৫০ হাজার টাকা। পুরো টাকাই প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে বিপত্তি ঘটে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মণ্ডপের বেরোনোর গেটের কাছে এই ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে সমস্যা তৈরি হয়। ঘটনায় অসুস্থ ও আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। উদ্ধারকাজে যোগ দেয় দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, রাতেই কলকাতা মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
শনিবারই কলকাতা এসেছেন অমিত শাহ। রবিবার তাঁর বেশ কয়েকটি কর্মসূচি ছিল। বেলুড় মঠে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে প্রতিমা দর্শন ও পুজো দিয়ে বালির দেশবন্ধু ক্লাবে যাওয়ার কথা ছিল। তার পরে চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখারও কথা ছিল তাঁরা। চোরবাগানের মণ্ডপে পদপিষ্টের ঘটনায় রবিবারের সব কর্মসূচি বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই বিপত্তির দিনেই তিনি শহরে এসেছেন। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দুঃখ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী-সহ অনেকে।





