স্পোর্টস ডেস্ক: শনিবার, ২৯ অগাস্ট সারাদেশে পালন করা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। দেশের ক্রীড়াবিদদের নিষ্ঠা, পরিশ্রম ও সাফল্যকে কুর্নিশ জানিয়ে এ দিন শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানও দেশবাসীকে জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। খেলাধুলা যে শুধুমাত্র জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের নানা শিক্ষা দেয়, নিজের বার্তায় সেই কথাই তুলে ধরেছেন ধাওয়ান।
দেশজুড়ে ভারতীয় হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। এই বিশেষ দিনে ধ্যানচাঁদকে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদী। সমাজ মাধ্যমে তাঁর বার্তা, দেশের প্রতিটি ক্রীড়াপ্রেমীর নিষ্ঠা, আবেগ এবং সংকল্প গর্বিত করে। মেজর ধ্যানচাঁদের অসাধারণ প্রতিভা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ধ্যানচাঁদের জন্মদিন ২৯ অগাস্টেই প্রতি বছর পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।
অন্য দিকে, ধাওয়ানের বার্তাতেও ছিল খেলাধুলার বৃহত্তর গুরুত্বের কথা। তাঁর বক্তব্য, খেলা শুধু জেতার জন্য নয়। মাঠ থেকেই স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা, ব্যর্থতার ধাক্কা সামলে ফের উঠে দাঁড়ানো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায়। দেশের আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
জাতীয় ক্রীড়া দিবস তাই শুধু মেজর ধ্যানচাঁদের স্মরণে একটি দিন নয়। দেশের ক্রীড়া-সংস্কৃতি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরারও উপলক্ষ্য। পড়ুয়া থেকে পরিবার, স্কুল থেকে বিভিন্ন সম্প্রদায়—সকলের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই এই দিনের অন্যতম লক্ষ্য। শৃঙ্খলা, দলগত কাজ, অধ্যবসায় এবং ক্রীড়াসুলভ মানসিকতার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই এ দিন আরও এক বার সামনে এল।