নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুুপুরে আচমকাই ওরেগনের বেন্ড এলাকার একটি প্রাইমারি স্কুলে ঢুকে গুলি চালায় এক হামলাকারী। প্রাণ গিয়েছে তিন শিশু পড়ুয়া এবং এক শিক্ষকের। পুলিশের দাবি, হামলাকারীর বয়স ১৬ বছর। শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। কেন ওই কিশোর স্কুলে ঢুকে এমন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলে ঢোকার জন্য বন্ধ দরজায় গুলি চালায় অভিযুক্ত। এরপর ভিতরে ঢুকে গুলি চালাতে শুরু করে সে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তার আগেই এক স্থানীয় বাসিন্দা হামলাকারীকে আটকানোর চেষ্টা করেন। ওই ব্যক্তির গুলিতেই মৃত্যু হয় ১৬ বছরের হামলাকারীর। তবে হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি।
এই ঘটনায় নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। আহত সাত বছরের এক পড়ুয়া এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৭ বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও অভিযুক্ত কিশোরের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ওই স্কুলের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।




