কলকাতা, নিউজ ডেস্ক: তাসখন্দে নরেন্দ্র মোদীর মুকুটে যোগ হল আরও এক আন্তর্জাতিক সম্মানের পালক। রবিবার ভারতের প্রধানমন্ত্রীর হাতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ ওলি দারাজালি দোস্তলিক’ তুলে দিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিওয়েভ। ভারত ও উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ভূমিকার স্বীকৃতি হিসাবেই এই সম্মান দেওয়া হয়েছে।
দু’দিনের উজবেকিস্তান সফরে শনিবার তাসখন্দে পৌঁছেছেন মোদী। সেখানেই দুই দেশের প্রতিনিধিদল স্তরের বৈঠকে বাণিজ্য, অর্থনীতি-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর পরেই মিরজিওয়েভ এই বিশেষ সম্মানে ভূষিত করেন মোদীকে।
গত বছর এই একই সম্মান পেয়েছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ-ও। এ ছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদার বেরদিমুখামেদভ, তাঁর পূর্বসূরি গুরবাংগুলি বেরদিমুখামেদভ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেসও এই সম্মান পেয়েছেন।
তবে চমক অপেক্ষা করছিল এর পরেই। সম্মান গ্রহণের পর মিরজিওয়েভকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মোদী। তিনি বলেন, এই পুরস্কার তাঁর একার নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষকেই এর জন্য কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, তাঁর মাধ্যমে সম্মান জানানো হলেও এর প্রকৃত দাবিদার ভারতের হাজার হাজার বছরের ঐতিহ্য এবং দেশের মানুষের অধ্যবসায় ও পরিশ্রম। দু’দিনের সফরে উজবেকিস্তানের উষ্ণ অভ্যর্থনার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
‘দোস্তলিক’ শব্দের অর্থ যে বন্ধুত্ব, সেই প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তাঁর কথায়, ভারত-উজবেকিস্তান সম্পর্কের মূল সুরই এই বন্ধুত্ব। একই সঙ্গে গ্লোবাল সাউথ এবং মানবতার কল্যাণে দুই দেশ একসঙ্গে কাজ করার বার্তাও দেন তিনি। মিরজিওয়েভের নেতৃত্বে ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও গভীর হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক এখন ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি।




