নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকল উজবেকিস্তান। সম্প্রতি সে দেশে সফর করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে গিয়েও যোগাসনে অংশ নিলেন তিনি। রবিবার তাসখন্দে উজবেকিস্তানের যোগ ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মোদী। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা সেশনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে।
সূত্র: https://x.com/narendramodi/status/2093943755804209560
শনিবার তাসখন্দে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। তার পর থেকেই তাঁকে ঘিরে উষ্ণ অভ্যর্থনার আবহ। উজবেক রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রীকে। এর পর দুই নেতা একই গাড়িতে করে বিমানবন্দর থেকে পাড়ি দেন রাষ্ট্রপতির বাসভবনের উদ্দেশ্যে। সেখানে নৈশভোজের বৈঠকেও অংশ নেন মোদী। তাসখন্দে পৌঁছে মোদী বলেন, ‘‘উজবেকিস্তানে এটি আমার চতুর্থ সফর। দুই দেশের সম্পর্কের গভীরতা এবং ক্রমবর্ধমান গতি এই সফরেই প্রতিফলিত।’’
এ দিকে রবিবারই মিরজিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রীর। বাণিজ্য এবং বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা। এরই মধ্যে যোগাসনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ভারতীয় সংস্কৃতি তথা ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে এল। এতে দুই দেশের সম্পর্কের উষ্ণতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
উজবেকিস্তানে এই নিয়ে চতুর্থবার সফর করছেন মোদী। এর আগে ২০১৫, ২০১৬ এবং ২০২২ সালেও মধ্য এশিয়ার সেই দেশে গিয়েছিলেন তিনি। তাসখন্দ সফর শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য কিরগিজস্তানের রাজধানী বিশকেক। সেখানে কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে ২৬ তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ঘনিষ্ঠ বন্ধু তথা রুশ রাষ্ট্রপতি পুতিনের সঙ্গেও একটি বৈঠকে বসার কথা তাঁর।




