নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়াল আদালত। সোমবার দিল্লির এক স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। জানা গিয়েছে, তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও ২ দিন বৃদ্ধি পেয়েছে। এর আগে তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের পর্যবেক্ষণ, শান্তি বজায় রাখার শর্তে মুক্তি পাওয়ার পরেও সেই শর্ত ভেঙেছেন দুই নেতা। যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া সত্ত্বেও সেখানে ব্যারিকেড টপকে জাতীয় পতাকা ওড়ানো এবং বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাধিক জায়গায় বিক্ষোভের ডাক দেওয়া হচ্ছিল। ভবিষ্যতে ফের আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আদালত।
অন্যদিকে, আদালতের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সিজেপি। ইতিমধ্যে সৌরভ ও আশুতোষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন জানান। তাঁদের দাবি, দু’জন আলাদাভাবে যন্তর মন্তরে গিয়েছিলেন। ভবিষ্যতে তাঁরা কোনও আইন ভাঙবেন না বলেও আদালতকে আশ্বাস দেওয়া হয়। তবে এই যুক্তি সত্ত্বেও আদালত আপাতত হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (১০ অক্টোবর) দিল্লি বিমানবন্দরে নামার পরেই সিজেপি প্রধান অভিজীত দিপকে, সৌরভ এবং আশুতোষকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করেছিল দিল্লি পুলিশ। আদালত থেকে এক বছর ‘শান্তি বজায় রাখার’ শর্তে জামিন পেয়েছিলেন সৌরভেরা। তার দু’দিন পর তাঁরা আবার ‘নিষিদ্ধ’ যন্তর মন্তরে ঢুকে পড়েন। আগের বার সৌরভ, আশুতোষেরা জামিন পেলেও এ বার তাঁদের জেলে যেতে হয়।




