নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের উদ্দেশে ইন্ডিয়া ব্লকের মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ থেকে আটক করার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বাস থেকে নেমে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
আটকের পর তাঁদের পুলিশ বাসে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পরে বাস থেকে বেরিয়ে আকাশবাণী ভবন এলাকায় পৌঁছন রাহুল ও প্রিয়াঙ্কা। সেখান থেকে তাঁরা ফের নির্বাচন কমিশনের দফতর, নির্বচন ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ইন্ডিয়া ব্লকের এই কর্মসূচির মূল দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, বিশেষ করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
মিছিল সংসদ চত্বর থেকে শুরু হয়ে নির্বাচন কমিশনের দিকে এগোতেই একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড দেওয়া হয়। রাহুল গান্ধীকে ব্যারিকেড টপকাতেও দেখা যায়। এরপর তাঁকে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়।
তবে আটক হওয়ার পরও আন্দোলন থামেনি। বাস থেকে নেমে ফের কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন দুই কংগ্রেস নেতা। ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।