নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে তুলনা করেছিলেন তেবাস। তাঁর সেই মন্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর’ এবং ‘গুরুতর’ বলে আক্রমণ করেছে স্পেনের অন্যতম সফল ফুটবল ক্লাব। শুক্রবার পাঁচ দফার বিবৃতি প্রকাশ করে তেবাসের মন্তব্যের তীব্র নিন্দা জানায় রিয়াল। শুধু লা লিগার প্রেসিডেন্টের পদ থেকেই নয়, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির পদ থেকেও তাঁর সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে ক্লাবটি।
বিতর্কের সূত্রপাত স্পেনের সংবাদমাধ্যম ‘এল ডেবাতে’-তে প্রকাশিত দু’টি প্রতিবেদনকে কেন্দ্র করে। ওই প্রতিবেদনগুলিতে রিয়াল মাদ্রিদের স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য তেবাস এবং লা লিগার সমালোচনা করা হয়েছিল। এর জবাবে সমাজমাধ্যম এক্সে তেবাস অভিযোগ করেন, ওই সাংবাদিকেরা আসলে রিয়াল মাদ্রিদের নেতৃত্বের বক্তব্যই তুলে ধরছেন। পাশাপাশি, রিয়াল মাদ্রিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভির রেফারিং নিয়ে ধারাবাহিক সমালোচনারও বিরোধিতা করেন তিনি।
তেবাসের অভিযোগ, ওই চ্যানেল শুধুমাত্র এমন ঘটনাগুলিই তুলে ধরে, যেগুলি রিয়ালের অভিযোগকে সমর্থন করে। দলের পক্ষে যাওয়া সিদ্ধান্তগুলি অবশ্য উপেক্ষা করা হয়। এই প্রচারকৌশলকে গোয়েবলসের ব্যবহৃত প্রচারপদ্ধতির সঙ্গে তুলনা করেন লা লিগা প্রেসিডেন্ট। তবে তিনি স্পষ্ট করেন, তাঁর তুলনা ছিল শুধুমাত্র যোগাযোগ ও প্রচারের কৌশল নিয়ে, নাৎসি মতাদর্শ কিংবা রিয়াল মাদ্রিদের সমর্থকদের নিয়ে নয়।
তবে এই ব্যাখ্যাতেও সন্তুষ্ট হয়নি রিয়াল। ক্লাবের দাবি, এমন তুলনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তেবাসের আচরণে নিরপেক্ষতা, সম্মান এবং দায়িত্বশীলতার অভাব প্রকাশ পাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। দীর্ঘদিন ধরেই ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং রিয়াল মাদ্রিদ টিভিকে নিশানা করছেন তেবাস, এমন অভিযোগও তুলেছে স্প্যানিশ ক্লাবটি।
পাল্টা জবাবে তেবাস দাবি করেছেন, গত ১৩ বছর ধরেই রিয়ালের নেতৃত্ব তাঁকে পদ থেকে সরানোর চেষ্টা করছে। তাঁর বক্তব্য, লিগের নিরপেক্ষতার অর্থ এই নয় যে প্রতিযোগিতা বা তার কর্তাদের বিরুদ্ধে প্রচার চালানো হলে তিনি নীরব থাকবেন। ২০১৩ সাল থেকে লা লিগার দায়িত্বে রয়েছেন তেবাস। আগামী বছর তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা।




