নিউজ ডেস্ক:দুর্গাপুজোয় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। উৎসবের দিনগুলিতে স্টেশনগুলির বিপুল ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রী পরিষেবা আরও সহজ করতে একাধিক পরিকাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে।
রেলের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীদের প্রবেশ ও বেরোনোর পথকে। শিয়ালদহ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের পৃথকভাবে পরিচালনার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার দিক থেকেও বাড়ানো হচ্ছে নজরদারি। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে CCTV এবং অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন রাখার পরিকল্পনা রয়েছে।
পুজোর সময়ে টিকিট কাউন্টারে লম্বা লাইন নতুন নয়। সেই সমস্যা মাথায় রেখে শিয়ালদহ ও কলকাতা স্টেশনে বুকিং পরিষেবা দিন-রাত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মীও মোতায়েন করা হবে। পাশাপাশি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে। শুধু শিয়ালদহ নয়, ডিভিশনের অন্য ব্যস্ত স্টেশনগুলিতেও উন্নয়নমূলক কাজ চলছে।
গত পুজোয় শিয়ালদহে বিপুল সংখ্যক যাত্রীর সমাগম হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার আগে থেকেই ভিড় নিয়ন্ত্রণ এবং পরিষেবা সচল রাখার পরিকল্পনা করছে রেল। পুজোর দিনগুলিতে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।




