ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ব্যাটারদের ঘূর্ণিতে কাবু করেন তিনি। কিন্তু একসময় মাঠের বাইরেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল যুজবেন্দ্র চাহালকে। ২০১৩ সালের আইপিএলে একটি পার্টিতে মদ্যপ এক অস্ট্রেলীয় ক্রিকেটার তাঁকে হোটেলের ১৫ বা ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় স্পিনার। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। সহকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন তিনি।
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার অনুষ্ঠানে পুরনো সেই ঘটনার কথা বলতে গিয়ে চাহাল জানান, বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আয়োজিত একটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। তখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। সেখানে এক অস্ট্রেলীয় ক্রিকেটারকে প্রচণ্ড মদ্যপ অবস্থায় দেখতে পান। ওই ক্রিকেটার তাঁকে ডেকে তুলে ধরেন। প্রথমে বিষয়টিকে মজা বলে মনে হলেও আচমকাই তাঁকে বারান্দার বাইরে ঝুলিয়ে দেন। চাহালের কথায়, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি আতঙ্কে ওই ক্রিকেটারের গলা আঁকড়ে ধরে ছিলেন। ঘরে থাকা অন্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। অভিযুক্ত ক্রিকেটার তখন হাসছিলেন। কিন্তু চাহালের কাছে সেই অভিজ্ঞতা ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো।
এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলেছে। ২০২২ সালে চাহাল প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তার পর বিভিন্ন প্রতিবেদনে প্রয়াত অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের নাম উঠে আসে। তবে সম্প্রতি চাহাল স্পষ্ট করেছেন, সাইমন্ডস বা জেমস ফ্র্যাঙ্কলিন কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। অভিযুক্ত অন্য এক অস্ট্রেলীয় ক্রিকেটার। যদিও তাঁর পরিচয় প্রকাশ করেননি তিনি। চাহাল জানিয়েছেন, তখন বয়স কম ছিল। কীভাবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে হয়, তা-ও জানা ছিল না।তাই ঘটনাটি পিছনে ফেলে নিজের ক্রিকেটজীবনে মন দেন। আইপিএলে ১৮৮ ম্যাচে ২৩৩ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই লেগ স্পিনার। ২০২৬ সালের আইপিএলে ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১২ উইকেট।




