নিউজ ডেস্ক: শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন এই জুটির পর্দায় উপস্থিতি মানেই অনুরাগীদের মধ্যে বাড়তি উন্মাদনা। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে দেখা যাবে বলিউডের এই জনপ্রিয় জুটিকে। আর সেখানেই এবার নতুন চমকের অপেক্ষায় থাকছেন দর্শকরা।
আগামী ২৬ অক্টোবর মুম্বইয়ে ‘কিং’ ছবির একটি জমকালো গানের দৃশ্যের শুটিং শুরু হওয়ার কথা। প্রায় এক সপ্তাহ ধরে চলতে পারে এই শুটিং পর্ব। শাহরুখ ও দীপিকার পাশাপাশি ছবির অন্যান্য অভিনেতাদেরও এই গানের দৃশ্যে দেখা যেতে পারে। গানের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন বৈভবী মার্চেন্ট, যিনি এর আগেও শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন।
‘কিং’ ছবিকে ঘিরে এমনিতেই দর্শকদের প্রত্যাশা এখন থেকেই তুঙ্গে। বিশেষ করে এই ছবির হাত ধরেই বড় পর্দায় শাহরুখ খানের মেয়ে সুহানা খানের অভিষেক হতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি-সহ একাধিক পরিচিত মুখ।
পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’-এ শাহরুখ ও দীপিকার জুটিকে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। ফলে ‘কিং’-এ তাঁদের নতুন রসায়ন কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।
শাহরুখের ছবিতে দীপিকার উপস্থিতি বরাবরই অনুরাগীদের বাড়তি আগ্রহের কারণ। এবারও কি সেই জুটি বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়বে? উত্তর মিলবে ছবি মুক্তির পরই। আপাতত ‘কিং’-এর নতুন গানের শুটিং ঘিরেই বলিউডে বাড়ছে টানটান উত্তেজনা।




