স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়ে প্রতিভার অভাব নেই। বরং একাধিক ক্রিকেটারের ধারাবাহিক পারফরম্যান্সই এখন নির্বাচকদের সামনে তৈরি করেছে ‘অদ্ভুত সমস্যা’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বৈভব সূর্যবংশীকে নিয়ে এমনই বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর স্পষ্ট বক্তব্য, প্রতিভা থাকলেই সরাসরি প্রথম একাদশে জায়গা পাওয়া যায় না। ধারাবাহিক পারফরম্যান্সের গুরুত্বও রয়েছে।
১৫ বছরের বৈভব ইতিমধ্যেই নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য নজর কেড়েছেন। কিন্তু ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তাঁর সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। দুই ওপেনারই ধারাবাহিক ভাবে রান করছেন। এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তাই এই মুহূর্তে বৈভবকে প্রথম একাদশে সুযোগ দেওয়া কঠিন বলেই মনে করছেন শ্রেয়স। জানিয়েছেন, "ওর মতো প্রতিভাবান ক্রিকেটারের ড্রেসিংরুমে থাকা গুরুত্বপূর্ণ। ওর সামনে এখনও অনেক বছর রয়েছে। সুযোগ পাওয়ার জন্য ওর হাতে যথেষ্ট সময় আছে। এখনই সরাসরি প্রথম একাদশে ঢুকে পড়তে পারে না ও। আমাদের ওপেনারেরা ধারাবাহিক ভাবে রান করছে এবং বিশ্বকাপও জিতেছে’, বলেছেন শ্রেয়স।
তবে বৈভবকে এখনই হতাশ হওয়ার কারণ দেখছেন না ভারতীয় অধিনায়ক। নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকাটাও তরুণ ব্যাটারের কাছে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। বিদেশের পরিবেশ, পিচের চরিত্র এবং সেখানকার ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। ভবিষ্যতে আবার এই ধরনের সফরে গেলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছেন শ্রেয়স।
উল্লেখ্য ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গিয়েছে।




