স্পোর্টস ডেস্ক: নতুন কীর্তি শুভমন গিলের। সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি ৫ বার আইসিসি-র মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। এই নজির আর কারও নেই। সহ-খেলোয়াড়, বন্ধু অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের ব্যাটার সিকন্দর রাজাকে হারিয়ে এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে এই পুরস্কার পেয়েছিলেন শুভমন।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় অধিনায়ক। ৩ ম্যাচে ৩৩৪ রান করেন তিনি। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২২৩। সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের ভিত্তিতেই এই সম্মান নিজের নামে করে নেন গিল।
https://x.com/ICC/status/2109939087989932357?s=20
পিছনে ফেলেন অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকন্দর রাজাকে। অভিষেকের আফগানিস্তানের বিরুদ্ধে দ্রুততম ৩০ বলে সেঞ্চুরি এবং সিকন্দরের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধারাবাহিক রান ও উইকেটও গিলের ডাবল সেঞ্চুরির অবিশ্বাস্য পারফরম্যান্সের সামনে টেকেনি।
মহিলাদের ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই শেফালি বর্মা। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারতের সোনালি সাফল্যের অন্যতম কারিগর শেফালি। এশিয়া কাপে ৩৬০ রান ছাড়াও ৬ উইকেট পেয়েছেন। অন্যদিকে এশিয়াডে সেঞ্চুরিও করেছিলেন তিনি।
চলতি বছর গিল ছাড়া ভারতীয়দের মধ্যে এই পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। মার্চ মাসে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক হওয়ায় তাঁকে পুরস্কার দিয়েছিল আইসিসি।