নিউজ ডেস্ক: রুপোর দামে বড়সড় পতন! মাত্র ১০ মাসের মধ্যে কেজিতে প্রায় ২ লক্ষ টাকা কমেছে রুপোর দাম। শুধু রুপোই নয়, শীর্ষস্তর থেকে নেমেছে সোনার দামও। ফলে বিয়ের মরশুমের আগে গয়না কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। কিন্তু এই দাম কমার পিছনে কী কারণ? আর এখনই কি সোনা-রুপো কেনার উপযুক্ত সময়?
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিক থেকে রুপোর দামে বড়সড় উত্থান দেখা গিয়েছে।২০২৬ সালের জানুয়ারিতে সেই দাম আরও বেড়েছে । একসময় প্রতি কেজি রুপোর দাম প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু পরবর্তী সময়ে বাজারে দামের ওঠানামার মধ্যে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২২ অক্টোবর রুপোর দাম নেমে এসেছে প্রায় ১ লক্ষ ৯৯ হাজার ৭৭৭ টাকায়। অর্থাৎ সর্বোচ্চ স্তরের তুলনায় কেজিতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা কমেছে রুপোর দাম।
সোনার বাজারেও রয়েছে ওঠানামা। সর্বোচ্চ দরের তুলনায় সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তির আশা। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের দর, সুদের হার নিয়ে প্রত্যাশা এবং শিল্পক্ষেত্রে চাহিদার পরিবর্তন মূল্যবান ধাতুর দামে প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দাম কমেছে বলেই একসঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করা উচিত নয়। বিনিয়োগের জন্য কিনলে ঝুঁকি ও সময়সীমাও মাথায় রাখা জরুরি।
মনে রাখতে হবে , সোনা-রুপোর দাম প্রতিদিন বদলায়। তাই এই মুহূর্তের পতন ভবিষ্যতেও চলবে, এমন নিশ্চয়তা নেই। দাম আরও কমবে, নাকি আবার ঊর্ধ্বমুখী হবে—সেদিকেই এখন নজর ক্রেতা ও বিনিয়োগকারীদের।




