কলকাতা, নিউজ ডেস্ক: মনে পড়ে ‘থ্রি ইডিয়টস’ ছবির সেই অসামান্য আবিষ্কারক ‘ফুংসুক ওয়াংড়ু’র কথা! আপামর দর্শকের বিশ্বাস ছিল, লাদাখের বাস্তবের বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন থেকেই জন্ম নিয়েছিল রাজকুমার হিরানির সেই কালজয়ী চরিত্র।
তবে সম্প্রতি সেই বিশ্বাসে জল ঢাললেন বলিউড তারকা আমির খান। তাঁর দাবি, ছবি তৈরির সময় তিনি সোনমকে চিনতেনই না। লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের মঞ্চে আমিরের এই অদ্ভুত দাবিতে দেশজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে আমিরকে অত্যন্ত রসালো অথচ ধারালো আক্রমণ শানালেন স্বয়ং সোনম ওয়াংচুক।
সম্প্রতি একটি পডকাস্টে কথা বলতে গিয়ে সোনম সরাসরি টেনে এনেছেন আমিরের ব্লকবাস্টার ছবি ‘গজনি’র শর্ট-টার্ম মেমরি লসের প্রসঙ্গ। হাসতে হাসতে সোনম বলেন, আমির যখন দাবি করলেন যে তিনি আমাকে চিনতেন না, ঠিক তখনই সমাজমাধ্যমে একটি পুরনো ভিডিও সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে, ‘গজনি’ ছবির বেশভূষায় আমির স্বয়ং বসে সোনমের বক্তব্য শুনছেন।
এ বিষয়ে কটাক্ষ করে এক শিক্ষাবিদ বলেন, চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন আমির যে বাস্তবেই হয়তো তাঁর ওই ১৫ মিনিটের স্মৃতিভ্রংশ ঘটেছিল। আর সেই কারণেই মঞ্চে সোনমকে পুরস্কার নিতে দেখে এবং একাধিক বিষয়ে গভীর আলোচনা করার পরেও ১৫ মিনিট বাদেই তাঁকে বেমালুম ভুলে গিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
সোনম অবশ্য স্পষ্ট জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’কে তিনি কখনই নিজের আদ্যোপান্ত বায়োপিক বলে মনে করেন না। তবে ছবি তৈরির আগে তাঁদের মধ্যে হওয়া বিশদ আলোচনার বহু উদ্ভাবনী চিন্তাভাবনা যে অবচেতনভাবেই ছবির চিত্রনাট্যে জায়গা পেয়েছিল, তা একপ্রকার নিশ্চিত। আমিরের এই মেকি বিস্মৃতি বা সত্যি আড়াল করার চেষ্টাকে সোনম যেভাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উড়িয়ে দিলেন, তাতে নেটপাড়ায় ফের নতুন করে শুরু হয়েছে চর্চা।




