বীরভূম, নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূমে পা রাখলেন শুভেন্দু অধিকারী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাথায় ডালা নিয়ে তারাপীঠ মন্দিরে প্রবেশের পর পুজো করতে দেখা যায়। ফুলের মালা পরিয়ে মা তারাকে পুষ্পাঞ্জলি দেন তিনি।
মায়ের আরতিও করেন। এরপর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যার আগে এই সফরকে অত্যন্ত তাৎপর্যমূলক বলে মনে করা হচ্ছে।
পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মা তারার আশীর্বাদে সরকার তৈরি হয়েছে। মা তারা, ঐতিহ্য সংস্কৃতি, রবি ঠাকুরের বীরভূম গড়ে তুলব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাট থেকে শুরু করে বিভিন্ন আস্থার জায়গা দর্শন করেছি। তারাপীঠ দর্শন বাকি ছিল। আজ করে গেলাম।’
শনিবার মা তারার আর্শীবাদ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। তিনি বলেন, ‘আগের সরকারের সব বিষয়ে ছিল ‘নো, নো, নো’ এই সরকারের সব বিষয়ে ‘ইয়েস, ইয়েস, ইয়েস’। শুভেন্দু আরও বলেন, ‘কৌশিকী অমাবস্যা নিয়ে ব্যবস্থা নিয়েছি। তাই মা তারাকে কেন্দ্র করে সরকারের যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আপনারা দেখতে পারবেন। বিশেষ করে ‘ডেউচা পাঁচামি’র বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব হবে।’
তারাপীঠের কর্মসূচি সেরে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল। সেই মতো সেখানে পৌঁছে যান তিনি।




