আগরপাড়া: ফের ‘আরশোলা’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা। মঙ্গলবার আগরপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে ‘আরশোলা-ছারপোকা’ বলে কাদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শুধু তাই নয়, এই ধরনের শক্তির বাড়বাড়ন্ত রুখতে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘তার জন্য হিট আছে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার আগরপাড়ার ইলিয়াস রোডে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি পৌঁছন ইলিয়াস রোডের ‘আমরা ক’জন ক্লাবের’ দুর্গাপুজো মণ্ডপে। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। উপস্থিত ছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথও।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন এবং মহিলাদের নিরাপত্তার মতো একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যে এখনও অনেক কাজ বাকি। শিল্পে জোয়ার আনতে হবে এবং মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে অভয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়।
পূর্ববর্তী বাম ও তৃণমূল সরকারের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী দাবি করেন, দীর্ঘ সময় ধরে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার না থাকায় পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাঁর অভিযোগ, সীমান্ত ব্যবস্থাপনাতেও অতীতে গাফিলতি ছিল এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হয়নি। তবে তাঁর মতে, সেই পরিস্থিতি এখন অতীত।
‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনকে নিশানা
এরপরই ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন এবং তথাকথিত ‘আরশোলা-ছারপোকা’দের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কিছু শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। সেই পরিস্থিতিতে সমস্ত রাষ্ট্রবাদী শক্তিকে একজোট হওয়ার বার্তা দেন তিনি। দেশকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে ভারতের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অগ্রগতির কথাও উল্লেখ করেন।
দশেরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, অশুভ শক্তির বিনাশেরও প্রতীক। রাবণ দহনের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জয়ের বার্তা দেওয়া হয়। একই সঙ্গে পানিহাটির মানুষের প্রত্যাশা পূরণ এবং প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতির কথাও বলেন তিনি।
মণ্ডপ থেকে বেরোনোর সময় সাংবাদিকেরা তাঁকে ‘আরশোলা’ মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। উত্তরে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তার জন্য হিট আছে।” এরপর আর কোনও মন্তব্য করেননি তিনি। তাঁর এই সংক্ষিপ্ত জবাব ঘিরেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।





