নেপাল, নিউজ ডেস্ক: ওরা কথা বলতে পারে না,কিন্তু মানুষের চেয়েও অনেক বেশি মানবিক হয়ে থাকে অবলা জন্তুরা। স্বার্থপর পৃথিবীতে বিপদে পড়লে যেখানে অনেক সময় কাছের মানুষও মুখ ঘুরিয়ে চলে যায়, সেখানেই মানবিকতার অনন্য নজির গড়ল এক অবলা পশু। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভুরি ভুরি প্রশংসা কুড়িয়েছে ভিডিওটি। কেউ বলছেন স্বয়ং যমরাজের বাহন এসে ওনাকে রক্ষা করেছেন, আবার অনেকে বলছেন পশুদের মধ্যে এখন মানুষের থেকে বেশি মানবিকতা রয়েছে।
নেপালের প্রাকৃতিক দুর্যোগের মাঝে সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য দৃশ্য। পাহাড়ি নদী হয়ে জল তীব্র গতিতে নিচে নেমে আসার সময় তলিয়ে যাওয়ার মুখ থেকে এক ব্যক্তিকে রক্ষা করছে একটি মহিষ। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে ওই পশুটি।
সূত্র: https://x.com/NirmalPrasai5/status/2093890689788756023
নেপালে হঠাৎই হড়পা বানের ফলে জলের প্রবল তোড়ে নিমিষে ভেসে গেছে একাধিক ঘরবাড়ি, রাস্তা। এখনও গৃহবন্দী বহু মানুষ এবং নিখোঁজ অনেকে, মৃত্যু হয়েছে অনেকের।
বন্যা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময়ে অলৌকিক ভাবে সেখানে হাজির হয় একটি মহিষ। স্রোতের প্রতিকূলে এগিয়ে গিয়ে মহিষটি লোকটির কাছে পৌঁছায় এবং অদ্ভুত দক্ষতায় তাকে পিঠের ওপর আশ্রয় দেয়। এরপর উত্তাল নদীর স্রোত পেরিয়ে ওই ব্যক্তিকে নিরাপদে উঁচু শুকনো জায়গায় নিয়ে আসে পশুটি।
অবলা প্রাণীর এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। চরম বিপদের দিনে ওই প্রাণীর সহমর্মিতা মন জয় করে নিয়েছে সকলের।




