নিউজ ডেস্ক: ২০২৭ সালের মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৪ জানুয়ারি। প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড এই সূচি ঘোষণা করেছে। আগামী মরসুমের জন্য খেলোয়াড়দের নিলাম হবে ২৮ অক্টোবর, কেরলের কোচিতে। তবে প্রতিযোগিতার ম্যাচগুলি কোন কোন শহরে আয়োজন করা হবে, তা এখনও জানায়নি বোর্ড।
মহিলাদের ক্রিকেটে এই প্রতিযোগিতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও তৈরি হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ হিসেবে এই প্রতিযোগিতা নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
নতুন মরসুমের দল গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ ধার্য করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। পাঁচটি দল তাদের বর্তমান দল থেকে পছন্দের ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। এরপর নিলামে নতুন ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
২০২৬ সালের প্রতিযোগিতায় স্মৃতি মন্ধানার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই মরসুমের ম্যাচগুলি হয়েছিল নবি মুম্বই এবং বরোদায়। এবারও প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করেছে।
২০২৩ সালে শুরু হয়েছিল মহিলাদের প্রিমিয়ার লিগ। অল্প সময়ের মধ্যেই এই প্রতিযোগিতা মহিলাদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু’টি করে খেতাব জিতেছে। ফলে আগামী মরসুমে কোন দল এগিয়ে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
২০২৭ সালের প্রতিযোগিতায় দলগুলির প্রস্তুতি, খেলোয়াড় বাছাই এবং নিলামের কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে নিলামে কোন ক্রিকেটার কোন দলে জায়গা পান, তার উপর নির্ভর করবে নতুন মরশুমের লড়াই কতটা জমে ওঠে।




