নিউজ ডেস্ক: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছেলের ছবি প্রদর্শনী থেকে ছবি সরানোর অভিযোগ। যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দিল্লির বিকানের হাউসে প্রদর্শনী শুরু হওয়ার আগে দিল্লির ছাত্র-যুব প্রতিবাদ সংক্রান্ত ছবি কর্তৃপক্ষ সরিয়ে নিতে বলেন বলে অভিযোগ। প্রদর্শনীর জন্য বাছাই করা ১০৫টি ছবির মধ্যে ৭৪টিই সরিয়ে নিতে হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী।
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা এবং ব্যবসায়ী রবার্ট বাড্রার পুত্র রায়হান পেশাদার চিত্রশিল্পী। ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ নামে এই প্রদর্শনী বুধবার সন্ধ্যায় শুরু হওয়ার কথা ছিল। রায়হানের অভিযোগ, প্রদর্শনী শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁকে ছবিগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁকে বলা হয়, ‘বিকেল সাড়ে ৩টে নাগাদ আমাকে জানানো হয়, ৪টের মধ্যে ছবিগুলি না সরালে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হবে।’
SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক মঞ্চ
রায়হানের দাবি, দিল্লিতে গত কয়েক মাস ধরে চলা ছাত্র-যুব আন্দোলনের ছবি নিয়েই আপত্তি জানায় প্রদর্শনীর আয়োজক কর্তৃপক্ষ। এমনকি, জাতীয় পতাকার ছবিও সরানোর জন্য বলা হয়েছিল বলে অভিযোগ তাঁর। কর্তৃপক্ষের তরফে প্রদর্শনীর নীতি লঙ্ঘনের যুক্তি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রায়হান। তবে তাঁর বক্তব্য, আন্দোলনের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করাই ছিল তাঁর উদ্দেশ্য। ছবিগুলির মাধ্যমে কোনও রাজনৈতিক বক্তব্য বা উস্কানি দেওয়ার পরিকল্পনা ছিল না। এই প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, 'হাস্যকর বিষয়। গোটা দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। আজ আমার ছেলের সঙ্গে হল। কাল এটা অন্য কোনও শিল্পীর সঙ্গেও হতে পারে।'
রায়হানের দাবি, ছবিগুলি মূলত দিল্লির বিভিন্ন ছাত্র-যুব আন্দোলনের দৃশ্য তুলে ধরেছে। গত তিন বছর ধরে পথের জীবন, যুবসমাজের আন্দোলন-সহ একাধিক বিষয়ের ছবি তুলেছেন তিনি। প্রদর্শনীর পরিকল্পনা এবং ছবিগুলি কী ভাবে সাজানো হবে, সেই বিস্তারিত প্রস্তাব আগেই বিকানের হাউস কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কর্তৃপক্ষ কয়েকটি ছবি নামিয়ে দেয় বলে অভিযোগ।
২০০০ সালের ২৯ অগাস্ট জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা ও রবার্টের ছেলে রেহান বঢরা। তাঁদের মিরায়া বঢরা নামে এক কন্যাও রয়েছে। দিল্লিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং দেরাদুনেও পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে চলে যান, যেখানে তিনি সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করেন। স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএস)-এ রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তবে, রাজনীতি নিয়ে পড়াশোনা করা সত্ত্বেও, রেহান সক্রিয় রাজনীতি থেকে দূরেই থেকেছেন সর্বদা।





