নিউজ ডেস্ক: রাত পোহালেই রাখিবন্ধন উৎসব। ভাই-বোনের হাতে রাখি পরানোর পর মিষ্টিমুখ করানোর রীতি বহুদিনের। তবে প্রতি বছর একই ধরনের মিষ্টির বদলে এ বার বাড়িতেই তৈরি করতে পারেন একটু অন্য স্বাদের লাড্ডু। পিনাট বাটার, নারকেল ও বিভিন্ন বাদাম দিয়ে তৈরি এই মিষ্টি যেমন বানানো সহজ, তেমনই উৎসবের টেবিলে আনতে পারে নতুনত্ব।
কী কী লাগবে?
শুকনো ডেসিকেটেড নারকেল, কুচোনো কাজুবাদাম, আমন্ড, পেস্তা, পিনাট বাটার এবং গুঁড়ো করা বিস্কুট। চাইলে অতিরিক্ত মিষ্টি এড়াতে আনসুইটেন্ড পিনাট বাটারও ব্যবহার করা যেতে পারে।
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্রে শুকনো নারকেল ও কুচোনো কাজুবাদাম নিন। তার সঙ্গে পিনাট বাটার মিশিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা আমন্ড ও পেস্তা দিয়ে মিশ্রণটি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিন। এবার হাত দিয়ে মিশ্রণটি মেখে এমন একটি অবস্থায় আনতে হবে, যাতে তা দিয়ে সহজেই ছোট ছোট বল তৈরি করা যায়। মিশ্রণটি হাতে নিয়ে গোল করে লাড্ডুর আকার দিন।
এরপর একটি আলাদা পাত্রে বিস্কুটের গুঁড়ো রাখুন। তৈরি করা লাড্ডুগুলি সেই গুঁড়োর মধ্যে গড়িয়ে নিন। সবশেষে উপর থেকে কুচোনো পেস্তা কিংবা পছন্দের বাদাম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। রাখির দিনে বাজার থেকে মিষ্টি কেনার বদলে বাড়িতে তৈরি এই লাড্ডু হতে পারে সহজ একটি বিকল্প। বিশেষ করে বাদাম ও পিনাট বাটারের স্বাদ যাঁদের পছন্দ,তাঁদের জন্য উৎসবের মেনুতে এই পদটি বেশ আকর্ষণীয় হতে পারে।




