কলকাতা নিউজ ডেস্ক: রাজ্য পালাবদলের ১০০ দিন হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্কিত স্লোগান নিয়ে এবার কড়া অবস্থান নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পালাবদলের ১০০ দিন পূর্তিতে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যের মাটিতে দাঁড়িয়ে কেউ 'কাশ্মীর মাঙ্গে আজাদি' এর মতো স্লোগান দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, এই ধরনের স্লোগান উঠলে গ্রেফতার করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিতর্কিত স্লোগান, গ্রাফিতি এবং রাজনৈতিক বার্তাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্য, মতপ্রকাশের স্বাধীনতার নামে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
আইনশৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রসঙ্গেও নিজের সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ভারতীয় জাতীয় পতাকা নিয়ে মিছিল করার পক্ষে তিনি প্রশ্ন তোলেন, দেশের মাটিতে মিছিলে অন্য দেশের পতাকা থাকবে কেন? একইসঙ্গে, বিচ্ছিন্নতাবাদী স্লোগানের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
শুধু যাদবপুর নয়, রাজ্যে সর্বত্র আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর দেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠান নিয়েও তিনি নিজের সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। মহরম, বকরি ইদ , এবং নবী দিবসের প্রসঙ্গ তুলে তিনি জানান উৎসব পালনে বাধা দেওয়া হবে না, তবে আইন মেনে চলতে হবে। এদিকে, যাদবপুরের বিতর্কিত স্লোগান নিয়ে এই কড়া মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিরোধীদের প্রতিক্রিয়া কি হয়, এখন সেদিকেই নজর।