ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে তাঁর এই ঘোষণাকে কার্যত উড়িয়ে দিল বাংলাদেশের বর্তমান সরকার। এমনকী, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ করতে গিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্য, ডিসেম্বরে কেউ আসবেন না, শুধু শীত আসবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক মহলে।
বৃহস্পতিবার ঢাকায় বিদেশ মন্ত্রকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, ‘‘সিলেটে একটি বৈঠকেও আমি বলেছিলাম, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। ডিসেম্বরে কেউ আসবেন না, শুধু শীত আসবে।’’ তাঁর বক্তব্য, হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির পথেই আসতে হবে।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দাবি, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে তাঁকে হাতকড়া পরিয়ে বিমানে নিয়ে আসতে হবে, অথবা কঠোর নজরদারিতে হস্তান্তর করতে হবে। এটাই তাঁর দেশে ফেরার একমাত্র রাস্তা। এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ঢাকা। শুধু হাসিনা নন, বাংলাদেশে অপরাধের অভিযোগে অভিযুক্ত অন্যদেরও প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাতে চায় বর্তমান সরকার।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ঢাকায় ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বাংলাদেশের সরকারের কাছেও আবেদন জানিয়েছেন হাসিনা।
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। সেই রায়ের বিরোধিতা করে দেশে ফিরে আইনি লড়াই চালানোর কথা জানিয়েছেন তিনি। কিন্তু ঢাকার বর্তমান সরকারের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাঁর দেশে ফেরার কোনও সুযোগ নেই।




