নিউজ ডেস্ক: নির্বাচনের লড়াই শেষ হলেও আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধানের। ভোটের ময়দানে নামার জন্য যে সাময়িক স্বস্তি পেয়েছিলেন, তার মেয়াদ শেষ হতেই নতুন করে তৈরি হয়েছে অস্বস্তি। আদালতের নির্দেশ মেনে এবার তার পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবারের মধ্যেই তাঁকে নিম্ন আদালতে হাজির হতে হচ্ছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা আদালত অথবা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, নিম্ন আদালতে আত্মসমর্পণ না করেই নতুন করে জামিনের আবেদন জানানোই অসন্তোষের যথেষ্ট কারণ রয়েছে। তাই আগে তাঁকে আত্মসমর্পণ এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে আত্মসমর্পণ এর পরেও আইনি লড়াইয়ের রাস্তা বন্ধ হচ্ছে না মিলন প্রধানের জন্য। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করার পরে তিনি নিয়মিত বেঞ্চে জামিনের জন্য আবেদন জানাতে পারবেন। অর্থাৎ আপাতত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ না মিললেও পরবর্তী পর্যায়ে নিয়মিত জামিনের আবেদন করার সুযোগ থাকছে তাঁর সামনে।
উল্লেখ্য, ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের সময় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কংগ্রেস নেতা মিলন প্রধানের। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে পার্থী হওয়ার আগে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে গত ২৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। সেই জামিনের সঙ্গে শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত।
সেই নির্দেশ মেনেই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও আত্মসমর্পণ এর আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান মিলন প্রধান। আর তাতেই অসন্তুষ্ট হয় আদালত। ফলে আপাতত তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর জামিনের আবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট আদালত। সব মিলিয়ে নন্দীগ্রামের এই কংগ্রেস নেতার আইনের লড়াইয়ে নতুন করে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হলো।




