আসানসোল: বয়স মাত্র ২৫ বছর। অথচ এই বয়সেই আসানসোল, হীরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া—বিস্তীর্ণ শিল্পাঞ্চলে অপরাধের একাধিক অভিযোগে নাম জড়িয়েছে প্রতাপ দাসের। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সে। কখনও চুরি, কখনও ডাকাতি, কখনও আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, আবার কখনও সাইবার প্রতারণা। শেষ পর্যন্ত শুক্রবার পুলিশের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে প্রতাপ। কিন্তু কীভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে? কীভাবেই বা হয়ে উঠেছিল পুলিশের মাথাব্যথার কারণ?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপের অপরাধ জীবনের শুরু স্কুলে পড়ার সময় থেকেই। তখন সে সপ্তম শ্রেণির ছাত্র। অভিযোগ, সেই সময় একটি মুদি দোকানে চুরির ঘটনায় ধরা পড়েছিল সে। এরপর তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে ফিরে আসার পরেও তার আচরণে বিশেষ পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বরং ধীরে ধীরে আরও গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সে। চুরির গণ্ডি পেরিয়ে ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। ২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় কয়েক বছর জেলেও কাটায় সে। কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের অপরাধের দুনিয়ায় ফিরে আসে বলে অভিযোগ।
এবার তার বিরুদ্ধে সামনে আসে সাইবার প্রতারণার অভিযোগ। পুলিশের দাবি, একটি বিয়ের বিজ্ঞাপনী ওয়েবসাইট তৈরি করে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি মামলার তদন্তে গত বুধবার থেকে প্রতাপের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তবে প্রতাপকে ধরা সহজ ছিল না। অভিযোগ, ঘনঘন ডেরা পরিবর্তন, সিম কার্ড বদল এবং বাইক পাল্টে পুলিশের চোখে ধুলো দিত সে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ প্রথমে আসানসোলের ইসমাইল এলাকার গুরু নানক পল্লিতে তার খোঁজে অভিযান চালায়। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর গোটা শিল্পাঞ্চলজুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তেও বাড়ানো হয় নজরদারি। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার ঘনিষ্ঠ কয়েকজনকে আটক করে পুলিশ।
শেষ পর্যন্ত শুক্রবার হীরাপুরের পাঁজাগলিতে একটি বাড়িতে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ডান পায়ে জখম হয় প্রতাপ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। মাত্র ২৫ বছর বয়সে একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত প্রতাপের গ্রেফতারিকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ। এখন তদন্তকারীদের নজর, তার অপরাধচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই চক্রের জাল কতদূর বিস্তৃত।




