ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জকে ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। জেলার স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির আর্থিক বরাদ্দ আপাতত স্থগিত রাখা হয়েছে। শুধু তাই নয়, বন্ধ রয়েছে একাধিক ট্রেন পরিষেবা। অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি। সরকারের এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক অশান্তির জেরে কি এবার কার্যত বিপাকে পড়তে চলেছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ?
ঘটনার সূত্রপাত গত ১৫ নভেম্বর। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে রাস্তায় নামেন আওয়ামী লীগের কয়েকশো সমর্থক। অভিযোগ, বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল দা, লাঠি, বৈঠার মতো অস্ত্র। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি পরিকাঠামো, পুলিশ স্টেশন এবং বিএনপি নেতাদের সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকাতেও একাধিক জায়গায় অশান্তির খবর সামনে আসে। বগুড়ায় বিএনপির কার্যালয়েও আগুন লাগানোর অভিযোগ ওঠে।
এরপরই গোপালগঞ্জের জন্য আর্থিক বরাদ্দ এবং পরিষেবা নিয়ে কড়া সিদ্ধান্তের পথে হাঁটে সরকার। আটকে প্রায় ৫০০ কোটি টাকা! প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদগুলির জন্য আর্থিক সাহায্যের তৃতীয় কিস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা পাওয়ার কথা ছিল। পাশাপাশি জেলার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ প্রায় ৫০০ কোটি টাকাও আটকে রাখার খবর সামনে এসেছে।
বন্ধ পাঁচটি ট্রেন, ভোগান্তিতে সাধারণ মানুষ
গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে বাংলাদেশের অন্যান্য এলাকার যোগাযোগকারী অন্তত পাঁচটি ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কায় এখনই পরিষেবা চালু করার বিষয়ে সরকার সতর্ক অবস্থান নিয়েছে বলে খবর। এমনকী, ঢাকা থেকে খুলনা পর্যন্ত নতুন ট্রেন চালানোর একটি প্রস্তাবও সামনে এসেছে, যে রেলপথ গোপালগঞ্জকে এড়িয়ে যাবে। অন্যদিকে, ১৭ ও ১৯ নভেম্বর আগুনে ক্ষতিগ্রস্ত হয় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার ভবন। এখনও ওই দুই থানার স্বাভাবিক কাজকর্ম শুরু হয়নি। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে সেগুলির দায়িত্ব সামলানো হচ্ছে। ফলে জিডি করা কিংবা অভিযোগ দায়ের করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
কেন বলপ্রয়োগের পথে হাঁটছে না সরকার?
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি বলপ্রয়োগ করলে তারা নিজেদের রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারে। সেই কারণেই সরকার বিকল্প কৌশল নিয়েছে বলে মত রাজনৈতিক ভাষ্যকার শফকত রব্বির। যদিও এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় গোপালগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছিল বিএনপি।
১৬ ডিসেম্বর দেশে ফিরবেন হাসিনা?
২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই রয়েছেন শেখ হাসিনা। এবার আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করেই গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আর্থিক বরাদ্দ স্থগিত, ট্রেন পরিষেবা বন্ধ এবং প্রশাসনিক পরিষেবায় বিঘ্ন সব মিলিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি এখন যথেষ্ট উদ্বেগজনক। রাজনৈতিক সংঘাতের এই আবহে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ বাসিন্দারাই।




