হাবিবুর রহমান, ঢাকা: মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল।
এ নিয়ে চলতি বছরে বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে ৩২৩ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে।

এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে তাঁদের আটকে রাখা হয়। তিনি বলেন, আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে যোগাযোগ, কূটনৈতিক তৎপরতা ও মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও ৪১ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিজিবি সূত্র জানায়, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাগরে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রমের ঘটনায় বাংলাদেশি জেলেদের আটকের ঘটনা নতুন নয়। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে।




