বিশেষ প্রতিবেদন: ডেটিং অ্যাপে পরিচয় হচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা চ্যাট চলছে, একে অপরের পছন্দ-অপছন্দ জানাও হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা করার পরিকল্পনা আর বাস্তবায়িত হচ্ছে না। কখনও কয়েক দিনের কথাবার্তার পরেই হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আবার কখনও সপ্তাহের পর সপ্তাহ চ্যাট চললেও সম্পর্ক এগোচ্ছে না এক পা-ও। আধুনিক অনলাইন ডেটিংয়ের এই সমস্যার সমাধান দিতে বিশেষ পরামর্শ দিলেন জনপ্রিয় ডেটিং অ্যাপ হিঞ্জের প্রধান সম্পর্ক-বিশেষজ্ঞ লোগান ইউরি। তাঁর মতে, অনলাইন পরিচয়কে বাস্তব সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেতে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে কথাবার্তা শুরু হওয়ার তিন দিনের মধ্যে দেখা করার পরিকল্পনা করা হতে পারে কার্যকর কৌশল।
লোগান ইউরির বক্তব্য, ডেটিং অ্যাপে অনেকেই এমন একটি ভুল করেন, যার ফলে ভালো সম্ভাবনাময় সম্পর্কও শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। দীর্ঘদিন শুধু মেসেজ চালিয়ে যাওয়া, নিজের আগ্রহ স্পষ্ট না করা এবং দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করাই তার অন্যতম কারণ। হিঞ্জের ২০২৫ সালের জেন জি ডেট রিপোর্ট-সহ বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানিয়েছেন, মানুষ সম্পর্কে আবেগের স্পষ্টতা এবং প্রকৃত সংযোগ চান। অথচ প্রথম সাক্ষাতের আগেই নিজেদের আচরণে সেই সম্ভাবনাকে নষ্ট করে ফেলেন অনেকে।
সাজানো ছবির আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন না
লোগানের মতে, ডেটিং অ্যাপে সবচেয়ে বড় ভুলগুলির একটি হল নিজের প্রোফাইলকে বাস্তব পরিচয়ের বদলে আকর্ষণীয় ছবির অ্যালবাম হিসেবে সাজানো। অনেকেই এমন ছবি এবং তথ্য ব্যবহার করেন, যা তাঁদের প্রকৃত ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মেলে না।
তাঁর পরামর্শ, প্রোফাইলে নিজের প্রকৃত পরিচয় তুলে ধরতে হবে। শুধু সিনেমা দেখতে ভালবাসেন, এমন সাধারণ তথ্য দেওয়ার পরিবর্তে কোন ধরনের সিনেমা বা কোন বই আপনার পছন্দ, তা উল্লেখ করা ভাল। এতে অন্য ব্যক্তির পক্ষে কথাবার্তা শুরু করা সহজ হয়।
প্রোফাইলে এমন কিছু প্রশ্নের উত্তর রাখা যেতে পারে, যা থেকে ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং জীবনযাপনের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন, ‘আমাদের মধ্যে মিল হবে যদি’, ‘আমার সাধারণ আনন্দের মুহূর্ত’, ‘আমি কী ধরনের সম্পর্ক খুঁজছি’ কিংবা ‘আমার সাধারণ রবিবার কেমন কাটে’—এই ধরনের বিষয় উল্লেখ করা যেতে পারে।
ছবির ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লোগান। তাঁর মতে, প্রোফাইলে ছয়টি ছবি রাখা যেতে পারে। প্রথম ছবিটি হওয়া উচিত স্পষ্ট মুখের ছবি। অন্তত একটি পূর্ণাঙ্গ ছবি, নিজের পছন্দের কোনও কাজ করার ছবি এবং বন্ধু বা পরিবারের সঙ্গে ছবি রাখা যেতে পারে। তবে সানগ্লাস পরা ছবি, অতিরিক্ত ফিল্টার কিংবা বাথরুম ও জিমের আয়নার সামনে তোলা সেলফি এড়িয়ে চলাই ভাল।
শুধু ‘হাই’ লিখে কথাবার্তা শুরু নয়
প্রোফাইল তৈরি করার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম বার্তা। অনেকেই কাউকে পছন্দ হলে শুধু ‘হাই’ বা ‘কেমন আছেন’ লিখে কথাবার্তা শুরু করেন। কিন্তু লোগানের মতে, এই ধরনের সাধারণ বার্তার পরিবর্তে অপর ব্যক্তির প্রোফাইলের কোনও নির্দিষ্ট বিষয় উল্লেখ করে কথা শুরু করা বেশি কার্যকর।
হিঞ্জের গবেষণায় দেখা গিয়েছে, ৭১ শতাংশ অবিবাহিত মানুষ জানিয়েছেন, কাউকে পছন্দের কথা জানানোর সময় শুধু লাইক বা ইমোজি পাঠানোর পরিবর্তে আন্তরিক মন্তব্য করলে তাঁদের ম্যাচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন, অপর ব্যক্তি কোনও বিশেষ পডকাস্ট পছন্দ করেন জানলে তাঁর প্রিয় পর্ব সম্পর্কে জানতে চাওয়া যেতে পারে। কেউ নিজের শহরের সেরা পিৎজার দোকানের কথা লিখলে, তা নিয়েও মজার কথাবার্তা শুরু করা সম্ভব।
এই আচরণকে লোগান বলেছেন ‘চ্যালান্ট’ (Chalant)। অর্থাৎ, ইচ্ছাকৃত ভাবে উদাসীন থাকার ভান না করে নিজের আগ্রহ স্পষ্ট করে প্রকাশ করা। তাঁর মতে, প্রথম বার্তা পাঠাতে সংকোচ করা উচিত নয়। অপর ব্যক্তি আগে কোনও কথা বললে তা মনে রাখা, পরে সেই প্রসঙ্গে প্রশ্ন করা এবং তাঁর পছন্দ অনুযায়ী দেখা করার পরিকল্পনা করা—এসবই আন্তরিকতার পরিচয়। দেখা করার সময় মোবাইল ফোন সরিয়ে রেখে সামনের মানুষের কথায় মন দেওয়াও জরুরি।
কেন গুরুত্বপূর্ণ ‘৩ দিনের নিয়ম’?
লোগানের পরামর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তিন দিনের নিয়ম। তাঁর মতে, অনলাইনে পরিচয়ের পর দীর্ঘদিন শুধু মেসেজ চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং কথাবার্তা শুরু হওয়ার তিন দিনের মধ্যে দেখা করার প্রস্তাব দেওয়া যেতে পারে। হিঞ্জের গবেষণা অনুযায়ী, ৭৬ শতাংশ ব্যবহারকারীর কথোপকথন মাঝপথে থেমে গিয়েছে শুধুমাত্র তাঁরা বুঝতে পারেননি কখন দেখা করার পরিকল্পনা করা উচিত।
অন্য দিকে, ৬২ শতাংশ হিঞ্জ ব্যবহারকারী জানিয়েছেন, তিন দিন কথাবার্তা চলার পর তাঁরা সরাসরি দেখা করার পরিকল্পনা করতে প্রস্তুত থাকেন। এ ছাড়া ম্যাচ হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে বার্তা পাঠালে উত্তর পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে বলে গবেষণায় উঠে এসেছে।
লোগান এই সমস্যাকে ব্যাখ্যা করতে ‘মোনে এফেক্ট’ (Monet Effect) শব্দটি ব্যবহার করেছেন। তাঁর মতে, কাউকে খুব কম জানার পরেও দীর্ঘদিন মেসেজ চালিয়ে গেলে মানুষ নিজের কল্পনায় অপর ব্যক্তির একটি আদর্শ ছবি তৈরি করে ফেলেন। বাস্তবে দেখা হওয়ার পর সেই ধারণার সঙ্গে প্রকৃত ব্যক্তিত্বের মিল না-ও থাকতে পারে। ফলে হতাশা তৈরি হয়। তাই তাঁর পরামর্শ, অযথা সপ্তাহের পর সপ্তাহ চ্যাট না করে, দু'জনের মধ্যে স্বচ্ছন্দ যোগাযোগ তৈরি হলে সরাসরি দেখা করার পরিকল্পনা করা উচিত।
ভয়েস নোটেও বাড়তে পারে ঘনিষ্ঠতা
শুধু লিখে মেসেজ পাঠানোর পরিবর্তে ভয়েস নোট ব্যবহার করার পরামর্শও দিয়েছেন লোগান। কারণ, লিখিত বার্তায় অনেক সময় কথার প্রকৃত সুর বা আবেগ বোঝা যায় না। কিন্তু কণ্ঠস্বরের মাধ্যমে অপর ব্যক্তির অনুভূতি এবং বলার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
হিঞ্জের তথ্য অনুযায়ী, জেন জি ব্যবহারকারীদের ৩৩ শতাংশ জানিয়েছেন, ভয়েস নোট তাঁদের ডেটিংয়ের ক্ষেত্রে অন্য ব্যক্তির সঙ্গে সংযোগ তৈরি করতে সাহায্য করে।
প্রথম সাক্ষাতে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ?
লোগানের মতে, প্রথম সাক্ষাতে শুধু পছন্দের খাবার, সিনেমা বা ঘোরার জায়গা নিয়ে আলোচনা করলেই হবে না। একে অপরের মূল্যবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশা সম্পর্কেও স্বাভাবিক কথাবার্তা হওয়া প্রয়োজন। হিঞ্জের গবেষণায় দেখা গিয়েছে, ৮৪ শতাংশ অবিবাহিত মানুষ প্রথম সাক্ষাতে কেউ নিজের মূল্যবোধ নিয়ে আলোচনা করলে সেটিকে ইতিবাচক লক্ষণ বলে মনে করেন। ৬৫ শতাংশের কাছে নিজের অনুভূতি নিয়ে খোলাখুলি কথা বলতে পারা আকর্ষণীয়।
অন্য দিকে, ৫৬ শতাংশ হিঞ্জ ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা যে ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, সেখানে অপর ব্যক্তি ঠিক কী চাইছেন, তা স্পষ্ট না হওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছিল। তাই প্রথম সাক্ষাতেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জোর করে সিদ্ধান্তে পৌঁছনোর প্রয়োজন নেই। বরং অপর ব্যক্তির জীবনযাপন, পছন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মূল্যবোধ সম্পর্কে স্বাভাবিক কৌতূহল দেখানো উচিত।
ডেটিংয়ে ক্লান্তি এলে বিরতি নিন
বার বার নতুন মানুষের সঙ্গে পরিচয়, কথাবার্তা এবং সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে হতে অনেকেই মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েন। লোগানের মতে, এমন পরিস্থিতিতে জোর করে ডেটিং চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কিছুদিন বিরতি নেওয়া যেতে পারে। সেই সময় নিজের পছন্দের কাজ, শখ কিংবা মানসিক সুস্থতার দিকে মন দেওয়া উচিত। পরে নতুন করে ডেটিং শুরু করলে একসঙ্গে অনেকের সঙ্গে কথাবার্তা না চালিয়ে কয়েকটি অর্থপূর্ণ পরিচয়ের উপর গুরুত্ব দেওয়া ভাল।
সব মিলিয়ে, লোগান ইউরির পরামর্শের মূল কথা—ডেটিং অ্যাপে নিজেকে অন্য রকম দেখানোর চেষ্টা নয়, বরং প্রকৃত পরিচয় তুলে ধরা, আন্তরিক ভাবে কথাবার্তা শুরু করা এবং উপযুক্ত সময় এলে বাস্তবে দেখা করা। কারণ, শুধু দীর্ঘ চ্যাট নয়, সামনাসামনি পরিচয়ই অনেক সময় সম্পর্কের প্রকৃত সম্ভাবনা বুঝতে সাহায্য করে।




