নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে নির্মীয়মাণ ছ’তলা একটি বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত চার জনের। ধ্বংসস্তূপের নীচে এখনও ১৭ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণকাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছ’তলা বাড়িটি। মুহূর্তের মধ্যে কংক্রিটের চাঙড়, ইট-পাথর এবং নির্মাণের লোহার কাঠামোর নীচে চাপা পড়েন সেখানে কর্মরত শ্রমিকেরা। দুর্ঘটনার সময় বাড়িটিতে ২০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রথমে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রাতভর উদ্ধারকাজের পর আরও তিনটি দেহ উদ্ধার হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে।
https://x.com/RT_India_news/status/2125559132631822748?a=A6xMt8yQnqjLQi3-K4c&s=20
উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে। পাশাপাশি আটকে পড়া মানুষের কাছে পৌঁছতে ধ্বংসস্তূপের মধ্যে একাধিক পথ তৈরি করা হয়েছে। নিখোঁজদের পরিবারের তরফে ১৭ জনের খোঁজ না পাওয়ার কথা প্রশাসনকে জানানো হয়েছে। তবে ঠিক কত জন এখনও ভিতরে আটকে রয়েছেন, তা নিশ্চিত করা যায়নি। করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, এই মুহূর্তে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের উদ্ধার করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
https://x.com/IranPress_eng/status/2125588022234411092?a=HAc760i5IMkAw2DGGfY&s=20
এই দুর্ঘটনার পর বাড়িটির নির্মাণের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আবাসিক জমিতে বাড়িটি তৈরির অনুমতি দেওয়া হয়েছিল মাত্র একতলা এবং তার উপরে আরও একটি তল নির্মাণের জন্য। অথচ সেই অনুমতি অমান্য করে ছ’তলা বাড়ি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। নির্মাণকাজ বন্ধ করতে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হলেও আদালতের স্থগিতাদেশের কারণে ব্যবস্থা নেওয়া যায়নি বলে দাবি করেছেন এক আধিকারিক। নির্মাণকাজের সঙ্গে যুক্ত এক ঠিকাদার-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
https://x.com/AsadIqb10572374/status/2125602826621420017?a=fPpfaew8SKgzhWrpnqo&s=20
ঘটনার পর প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে স্থানীয় সরকার দফতরের সচিব তথা সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) ডিরেক্টর জেনারেল ওয়াসিম শামশাদকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্তের সুপারিশও করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে গাফিলতির অভিযোগে ১৬ জনেরও বেশি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




