নিউজ ডেস্ক: মায়ের মৃত্যুর খবর যেকোনো সন্তানের কাছেই গভীর যন্ত্রণার। শেষবারের মতো মায়ের মুখ দেখা, তাঁর দেহ কাঁধে নিয়ে শেষ যাত্রায় সামিল হওয়া, এ যেন সন্তানের শেষ কর্তব্য। কিন্তু সেই শেষ বিদায়ের মুহূর্তেও যদি হাত-পা বাঁধা থাকে, তাহলে সেই যন্ত্রণা আরও কয়েকগুন বেড়ে যায়। শেষ যাত্রাতেও যদি স্বাধীনভাবে মায়ের দেহ স্পর্শ করার সুযোগ না মেলে, তাহলে তা কতটা যন্ত্রণার, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সম্প্রতি বাংলাদেশের একটি ঘটনা ঘিরে সামনে এসেছে এমনই এক মর্মান্তিক দৃশ্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ধরা পড়েছে এক শোকাহত সন্তানের অসহায়তা। পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।
সূত্রে খবর, বাংলাদেশের জেলবন্দি রিপন মল্লিককে তাঁর মায়ের শেষ কৃত্যে অংশ নেওয়ার জন্য মাত্র ৫ ঘন্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। মায়ের মৃত্যুর পর শেষবারের জন্য তাকে বিদায় জানানোর সুযোগ পেলেও সেই সময়টুকুতেও স্বাধীনভাবে পরিবারের সঙ্গে থাকার সুযোগ টুকুও পাননি তিনি। কড়া পুলিশি পাহারায় তাঁকে নিয়ে যাওয়া হয় শেষ কৃত্যের অনুষ্ঠানে।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা, যায় মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন রিপন। আত্মীয়-স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই চরম চোখের মুহূর্তেও তাঁর দুই হাত দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এমনকি মায়ের মৃত দেহ কাঁধে নিয়ে যখন শেষ যাত্রায় হাঁটছেন, তখনও এক পুলিশ কর্মী সেই দড়ির অন্য এক প্রান্ত ধরে রয়েছে। অর্থাৎ মাকে শেষবারের মতো বিদায় জানানোর সময়ও পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেননি তিনি।
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন বন্দীর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন থাকলেও মায়ের শেষ কৃত্যের মত সংবেদনশীল মুহূর্তে এমন ব্যবস্থা কতটা মানবিক? শোকাহত একজন মানুষের প্রতি প্রশাসনের ন্যূনতম সহানুভূতি দেখানো প্রয়োজন ছিল বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
এদিকে, রিপন মল্লিকের গ্রেপ্তারির কারণ এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে সরব হওয়ার কারণে তাঁকে বন্দী করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে। তবে এই দাবির স্বাধীন সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি শুধুমাত্র একটি বন্দীর শেষকৃত্যে অংশ নেওয়ার বিষয় নয় বরং বন্দিদের মানবিক অধিকার এবং প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আইন মেনে নিরাপত্তা বজায় রাখা অবশ্যই জরুরি। কিন্তু সেই আইনি প্রক্রিয়ার মধ্যেও মানবিকতার জায়গা থাকা অত্যন্ত প্রয়োজন। মায়ের শেষ যাত্রায় দড়িতে থাকা ছেলের এমন দৃশ্য মানবিকতার সেই প্রশ্নই আরও একবার সামনে এনে দিল।




