নিউজ ডেস্ক: সরকারি চাকরির নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ নতুন নয়। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পূর্ব রেলের মালদহ ডিভিশনের এক আধিকারিক। আচমকা তদন্তকারীদের উপস্থিতি, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ কারণ তার পরে সরকারি আবাসনে তল্লাশি, পরপর এই ঘটনাকে কেন্দ্র করে রেল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতের এই অভিযানের পর থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, নিয়োগের প্রক্রিয়ায় ঠিক কি ধরনের অনিয়ম সামনে এসেছে? সেই রহস্যের মধ্যেই গ্রেফতার হলেন রেলের এক কর্মী।
ঘটনাটি মালদহের ইংলিশ বাজারের ঝলঝলিয়া এলাকার। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে পূর্ব রেলের মালদহ ডিভিশন রেলওয়ে ম্যানেজার অফিসে হানা দেয় সিবিআই এর একটি দল। সেখানে পার্সোনেল বিভাগের কর্মী তথা ক্লার্ক অফিস সুপারিনটেনডেন্ট উমাশঙ্কর পান্ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়।
প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদে চলে। দীর্ঘক্ষণ তদন্তকারীদের প্রশ্নের মুখে থাকতে হয় ওই রেলকর্মীকে। এরপর বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীদের এই পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই রেল দফতরের অন্দরে শুরু হয়েছে চাপা উত্তেজনা। তবে ঠিক কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ রয়েছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়।
শুধু অফিসেই অভিযান চালিয়ে থেমে থাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকারা। গ্রেফতারের পর উমাশংকর পান্ডের সরকারি কোয়াটারেও তল্লাশি চালানো হয়। সেখানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে। তল্লাশির পর তাঁর সরকারি আবাসনটি সিল করে দেওয়া হয়। বাজেয়াপ্ত নথিতে নিয়োগ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, গোটা ঘটনা নিয়ে পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্ত জানান, সিবিআই এর একটি দল অফিসে এসেছিল। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে তদন্তের বিস্তারিত বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে একজন রেল কর্মীর গ্রেফতারি এবং তাঁর সরকারি কোয়ার্টার সিল করে দেওয়ার ঘটনায় এখন নজর রয়েছে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। এই ঘটনায় দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, আর তদন্তে আরও কারোর নাম উঠে আসে কি না, তাকিয়ে রেলমহল।




