নিউজ ডেস্ক: রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই ছড়িয়ে পড়লো আতঙ্ক। স্টেশনে তখন যাত্রীদের আনাগোনা, দাঁড়িয়ে রয়েছে ট্রেনও। হঠাৎ একটি কামরা থেকে বের হতে শুরু করে ঘন ধোঁয়া। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া বদলে যায় আগুনের লেলিহান শিখাতে। পরিস্থিতি বুঝে দ্রুত শুরু হয় তৎপরতা। আতঙ্কিত যাত্রী ও রেল কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সামান্য অসতর্কতা ঘটাতে পারে বড়সড় বিপদ। তবে শেষ পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাতের দিকে এই অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে। সূত্রে খবর, রাত প্রায় দশটা নাগাদ কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে দাড়ায় বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেন। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পরে তার ভেন্ডর কামরায় আগুন লাগে। প্রথমে আগুনের শিখা ছোট আকারে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্লাটফর্ম চত্বরে। কামরার ভিতরে থাকা যাত্রীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন রেল কর্মী ও স্টেশন কর্তৃপক্ষ। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকেও খবর দেওয়া হয়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রেল কর্তৃপক্ষের সহযোগিতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ করার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে আগুনের গ্রাস থেকে পুরোপুরি রক্ষা পায়নি কামরাটি। অগ্নিকাণ্ডে কামরার একাংশ পুড়ে যায়। বিশেষ করে ভিতরে থাকা কাঠের আসন গুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় কামরার একাংশ কার্যত পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় কোনও রেলযাত্রী বা রেল কর্মীর আহত কিংবা মৃত্যুর খবর মেলেনি।
কিন্তু কিভাবে আচমকা আগুন লাগলো? প্রাথমিকভাবে শর্ট সার্কিট এর সম্ভাবনা যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনি কামরার ভিতরে ধূমপান অথবা অন্য কোনও কারণ এর জন্য আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ স্পষ্ট হবে। তবে ব্যস্ত রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের কামরায় এভাবে আগুন লাগার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।




