নয়াদিল্লি: সংসদে ফের ডিলিমিটেশন বিল পাশ করানোর প্রস্তুতি কেন্দ্রের। আর সেই লক্ষ্যেই এবার বড়সড় আশ্বাসের পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। প্রস্তাব, দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়ানো হবে। তবে শুধু আসন বাড়ালেই হবে না, রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাতও বজায় রাখতে হবে। এই ‘ফ্ল্যাট ৫০ শতাংশ’ ফর্মুলা লিখিত ভাবে বিলে অন্তর্ভুক্ত করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আপত্তি অনেকটাই কমতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে আসন পুনর্বিন্যাসের পদ্ধতি এবং কেন্দ্রের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার প্রশ্নে বিরোধীদের আশঙ্কা এখনও কাটেনি।
আগামী ৩০ নভেম্বর থেকে ফের বসতে চলেছে লোকসভা। রাজ্যসভা বসবে ২ ডিসেম্বর। প্রয়োজন অনুযায়ী ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, জরুরি সরকারি কাজকর্মের জন্য দুই কক্ষের অধিবেশন ফের ডাকার আবেদন জানানো হয়েছে। এই অধিবেশনেই ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিলগুলি নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। শুক্রবার, ২৭ নভেম্বর দুপুর ১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও প্রস্তাবিত বিলগুলিতে সম্ভাব্য সংশোধন নিয়ে আলোচনা হওয়ার কথা।
মহিলা সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনের যোগ
২০২৩ সালে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইন পাশ হয়েছিল। কিন্তু সেই সংরক্ষণ কার্যকর করার সঙ্গে পরবর্তী জনগণনা এবং ডিলিমিটেশনের শর্ত জুড়ে দেওয়া হয়। অর্থাৎ, লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পরেই মহিলা সংরক্ষণ কার্যকর করার পথ তৈরি হবে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশনে সংবিধান সংশোধনী বিল-সহ একাধিক বিল এনেছিল কেন্দ্র।
কিন্তু সেই উদ্যোগ ধাক্কা খায়। সংবিধান সংশোধনী পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারেনি সরকার। ১৭ এপ্রিল ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়েছিল, বিপক্ষে ২৩০টি। উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যা ছিল ৫২৮। ফলে প্রয়োজনীয় ৩৫২টি ভোট থেকে ৫৪ ভোট পিছিয়ে পড়ে সরকার। পরে সংশ্লিষ্ট অন্য বিলগুলিও প্রত্যাহার করা হয়।
দক্ষিণের রাজ্যগুলির আপত্তি কোথায়?
ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দীর্ঘদিনের আপত্তি জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টনকে ঘিরে। উত্তর ভারতের একাধিক রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলি পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেকটাই সাফল্য পেয়েছে। ফলে শুধু জনসংখ্যার অনুপাতে আসন পুনর্বণ্টন হলে উত্তর ভারতের রাজ্যগুলির লোকসভায় প্রতিনিধিত্ব বাড়তে পারে, আর দক্ষিণের রাজ্যগুলির আপেক্ষিক গুরুত্ব কমে যেতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্যের জন্য তাঁদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যাওয়া উচিত নয় বলেই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দক্ষিণের রাজ্যগুলি।
কেন্দ্রের প্রস্তাবিত ৫০ শতাংশ আসন বৃদ্ধির ফর্মুলা সেই আশঙ্কা কিছুটা কমাতে পারে। অর্থাৎ, প্রত্যেক রাজ্যের আসন একই অনুপাতে বাড়লে বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় থাকবে। এপ্রিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যভিত্তিক আসন বৃদ্ধির হিসাব তুলে ধরে জানিয়েছিলেন, সব রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশ্বাস দিয়েছিলেন, কোনও রাজ্যের প্রতি অন্যায় করা হবে না। কিন্তু বিরোধীদের বক্তব্য, সেই আশ্বাস বিলে স্পষ্ট ভাবে লেখা ছিল না।
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক
শুধু আসন বাড়ানো নয়, নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা কী ভাবে নির্ধারিত হবে, তা নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের। তাদের আশঙ্কা, কেন্দ্রের পছন্দমতো জনগণনা বেছে নিয়ে আসন পুনর্বিন্যাসের ক্ষমতা দেওয়া হলে রাজনৈতিক সুবিধা অনুযায়ী কেন্দ্রের সীমানা নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘জেরিম্যান্ডারিং’। অর্থাৎ, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সামাজিক গোষ্ঠীর ভোটের প্রভাব কমাতে নির্বাচনী এলাকার সীমানা এমন ভাবে টানা, যাতে নির্বাচনের ফলাফলে সুবিধা পাওয়া যায়।
বর্তমানে লোকসভার আসনসংখ্যা ৫৪৩। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে ১৯৭০-এর দশকে এই সংখ্যা নির্ধারিত হয়েছিল। পরে ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্যগুলির আসনসংখ্যা স্থগিত রাখা হয়। ২০০১ সালে সেই স্থগিতাদেশ আরও বাড়ানো হয়। প্রস্তাবিত সংশোধনীতে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছিল। এর মধ্যে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ৩৫টি আসনের প্রস্তাব ছিল।
এবার কেন্দ্রের সামনে মূল চ্যালেঞ্জ বিরোধী শিবিরের ভোটে ভাঙন ধরানো। এনসিপি (শরদচন্দ্র পওয়ার)-এর অবস্থান, ডিএমকে-র ভূমিকা এবং বিরোধী জোটের বাইরের সাংসদদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কংগ্রেসের বক্তব্য, তারা মহিলা সংরক্ষণের বিরোধী নয়; আপত্তি ডিলিমিটেশনের আড়ালে কেন্দ্রের ক্ষমতা বাড়ানোর চেষ্টায়। ফলে ৩০ নভেম্বরের অধিবেশনে ৫০ শতাংশ আসন বৃদ্ধির আশ্বাস বিলে জায়গা পায় কি না, সেটাই এখন দিল্লির রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন।




